05/06/2026
চিন্তাপরাধ শেষ করে মাথাটা কেমন ঝিম ঝিম করছে, যদিও অনেক সময় নিয়েই পড়েছি। কিন্তু এই বই ভিতরে যে একটা আলোড়ন তৈরি করে দিয়ে গেলো, তার রেশ থাকবে বহুক্ষণ তা বলাই যায়।
চিন্তাপরাধ কেবল একটি বই নয়, এটি যেন আমাদের চেতনায় এক ধাক্কা, ঘুমন্ত চিন্তাশক্তিকে জাগিয়ে তোলার এক প্রবল আঘাত। পশ্চিমা আধিপত্যবাদ ও তার চিন্তা-চেতনার প্রভাব আমাদের মননে কতটা গভীরভাবে প্রোথিত, তা বুঝতে হলে এই বই পড়তেই হবে। এই বই যেন এক প্রকারের আদর্শিক ম্যানুফেস্টো।
বইটি ১৬টি প্রবন্ধের সমন্বয়ে গঠিত, কিছু প্রবন্ধ মৌলিক, কোনোটি অনুবাদ আবার কোনোটি কোনো লেখার ধারা অনুসরণে। বইয়ে আলোচিত প্রতিটি প্রবন্ধ পশ্চিমা সভ্যতার কোনো না কোনো চিন্তা কাঠামো বা রাজনৈতিক ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়িয়ে এক বিশ্লেষণধর্মী অবস্থান নিয়েছে। “সহস্র সূর্যের চেয়ে উজ্জ্বল” থেকে শুরু করে “শ্বেত সন্ত্রাস”- প্রত্যেকটি লেখা যেন একেকটি চিন্তাপরাধের ইট, যা দিয়ে গড়ে তোলা হয়েছে এক বুদ্ধিবৃত্তিক প্রতিরোধের প্রাচীর।
এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এটি প্রচলিত ধারার বিরুদ্ধে গিয়ে চিন্তা করার সাহস শেখায়। এই সাহসের অনুপস্থিতিই আমাদের মুসলিম সমাজকে ঘিরে ফেলেছে এক অদৃশ্য অথচ শক্তিশালী মানসিক কারাগারে। আসিফ আদনান সেই শেকলগুলোকে চিহ্নিত করে, যুক্তির আলোকবর্তিকা দিয়ে তার পাঠকদের হাতে তুলে দেন প্রকৃত মুক্তি খোঁজার মানচিত্র।
এই বই আমাদের দেখায় কিভাবে ‘গণতন্ত্র’, ‘নারী অধিকার’, ‘বাকস্বাধীনতা’ ইত্যাদি মুখরোচক স্লোগানের আড়ালে লুকিয়ে থাকে এক ঘৃণ্য আগ্রাসী বাস্তবতা, যা পশ্চিমা সাম্রাজ্যবাদ দিনের পর দিন মুসলিম বা প্রাচ্যের সাবেক উপনিবেশ বা থার্ড ওয়াল্ড দেশগুলোর সমাজে চাপিয়ে দিয়ে চলেছে। লেখক অত্যন্ত সূক্ষ্ম যুক্তির মাধ্যমে তুলে ধরেছেন, পশ্চিমা মতাদর্শগুলো যে আদর্শিক শূন্যতার উপরে দাঁড়িয়ে আছে, তা খণ্ডন না করে অনুসরণ করা মানেই চিন্তার আত্মসমর্পণ।
মাত্র এক শ বছর আগেও যারা রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর সম্পদ ছিনিয়ে নিতে ব্যস্ত ছিল, আজ কেন তারা ধনী এবং বাকি সবাই গরিব, সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন কিছু না। মুসলিম বিশ্বসহ এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ অ্যামেরিকার দেশগুলোর সাথে ইউরো-অ্যামেরিকার যে সম্পদের বৈষম্য আজ আমরা দেখতে পাই সেটা সরাসরি এই ঔপনিবেশিক লুটপাটের ফসল। এই কথা কি আগে কখনো ভেবে দেখেছি?
লেখকের ভাষা একাধারে অত্যন্ত সহজবোধ্য, দৃঢ় এবং চিন্তামূলক। তিনি এমনভাবে তথ্য ও রেফারেন্স উপস্থাপন করেছেন, যা একজন সাধারণ পাঠককেও গভীরভাবে ভাবতে বাধ্য করে। বইটি পড়ার সময় আমার মনে হয়েছে, আমি কোনো বই পড়ছি না বরং সারাক্ষণ মনে হচ্ছিলো আমি যেন কোনো বিপ্লবী বক্তৃতা শুনছি, যা আমার ভিতরের ঘুমন্ত বিশ্বাসকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে।
আসিফ আদনান সাহস করেছেন এমন সব বিষয়ে কলম চালাতে, যেগুলো বলা মানেই ‘চিন্তাপরাধী’ তকমা পাওয়া। যেমন ধরুন সেক্যুলারিজমের অন্তঃসারশূন্যতা, সমকামিতা আন্দোলনের গোপন এজেন্ডা, নারীবাদ ও নারী শ্রমের অন্ধ দৃষ্টিভঙ্গি, পশ্চিমা সভ্যতার পতনের পূর্বাভাস ইত্যাদি। এই সাহসিকতা লেখককে আমাদের সময়ের অন্যতম প্রথাবিরোধী চিন্তক করে তুলেছে।
এই বই পড়তে পড়তে পাঠক বুঝতে শুরু করে, আমরা হয়তো অর্থনৈতিক দিক থেকে গরিব, কিন্তু চিন্তার দিক থেকে তার চেয়েও ভয়ানকভাবে দাসত্বে আবদ্ধ। লেখক আমাদের জানাতে চেয়েছেন, পশ্চিমের তৈরি ফ্রেমওয়ার্কে থেকে ইসলামকে 'আধুনিক' ও 'সহনশীল' প্রমাণ করার চেষ্টাই মূলত আত্মপরাজয়ের সূচনা।
তাঁর লেখায় বারবার উঠে এসেছে একটি কথা ইসলাম কোনো সাধারণ ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এটি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কিছু নয়, এটিই রাষ্ট্র তৈরি করে।
চিন্তাপরাধ পড়া শেষে আমার মনে হয়েছে, এটি কোনো মামুলি বই না, বাংলা ভাষায় লেখা এটি যেন এক 'চিন্তাবিপ্লব'। এটি একটি মানসিক মুক্তিযুদ্ধের প্রথম চরণ। একজন মুসলিম হিসেবে যারা সত্য অনুসন্ধান করতে চায়, ইসলামী দৃষ্টিভঙ্গিতে দুনিয়া দেখতে চায়, তাদের সবার জন্য এই বই হওয়া উচিত মাস্ট রিড। এটি পড়লে হয়তো আপনি তৎক্ষণাৎ কিছু বদলে ফেলতে পারবেন না, কিন্তু আপনি নিজেকে খুঁজে পাবেন নতুন আলোয়, আর সেই খোঁজ একদিন সমাজকেও আলো দেখাবে।
অ্যামেরিকার বিমান যতই উঁচুতে উড়ুক না কেন সব সময় থাকবে আর-রহমানের আরশের নিচেই।
গুডরিডসে চিন্তাপরাধ নিয়ে তাহসিন আবদুল্লাহ ভাইয়ের দারুণ একটি রিভিউ (ঈষৎ সংক্ষেপিত)। বারাকাল্লাহু ফীক!