15/12/2022
আমার পরিচিত এক ইমাম ভাইয়ের কাছে থেকে শোনা...
তাঁর একজন নিয়মিত মুসল্লী আছেন। ছোট ছোট চারটা সন্তান আর এক পুণ্যবতী স্ত্রী নিয়ে সুখের সংসার। অতি সামান্য উপার্জন, এক রুমের ছোট্ট একটা বাসায় থাকেন। অনেক মুসল্লী তার হতদরিদ্র অবস্থা নিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন, দুঃখ-করুণা প্রকাশ করেন। কিন্তু আমি কখনো এই আল্লাহর বান্দাকে হা-হুতাশ করতে দেখিনি। আল্লাহর কসম! কখনো না। সদা হাস্যোজ্জ্বল, বন্ধুবৎসল ও অতিথিপরায়ণ সাদা মনের মানুষ।
কৌতূহলবশত একদিন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, আপনার দারিদ্র্য দুর্দশা নিয়ে অনেকেই আফসোস করেন! আচ্ছা আপনার কি কখনো খারাপ লাগে না?
"হুজুর! কি যে বলেন। আলহামদুলিল্লাহ ল, আমি অনেক ভালো আছি। আমার তো আরও করুণা হয় তাদের নিয়ে! কারণ আমি যে স্ত্রী পেয়েছি, সে হিসেবে তো তারা কিছুই পায়নি, কিছুই না!
হুজুর! বিশ্বাস করবেন না! আমার স্ত্রীকে আজ অবধি এলাকার কোন পুরুষ মানুষ দেখে নাই। তাঁর দিকে তাকাইলে মনে হয়, আমি যেন জান্নাতে আছি। আজ দশ বছর সংসার করছি, কখনো তাঁর কর্ম বা আচরণে বিন্দুমাত্র মনে হয়নি, আমরা অভাবে আছি।"
আমার আগের বাসার মু'আজ্জিন একদিন বলেছিলেন, "আমি যে রাতে বরিশাল থেকে রওনা দেই, লঞ্চে উঠি, সারা রাত আমার স্ত্রী জায়নামাজে কাটিয়ে দেন, যেন আল্লাহ আমাকে সহী-সালামতে পৌঁছে দেন৷ আর যেদিন বাড়িতে যাই, আমার আগমনে তাঁর আনন্দ অভিব্যক্তি দেখে মনে হয়- সব ছেঁড়ে বাড়িতেই থেকে যাই!
সত্যিই! অঢেল বিত্তবৈভব আর কোটি টাকার বাড়ি-গাড়ির চেয়ে একজন নেক পুন্যবতী স্ত্রী পাওয়া অনেক সৌভাগ্যের।
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) নিদারুণ সত্য বলেছেন-
'দুনিয়ার সব কিছুই একেকটা সম্পদ। তন্মধ্যে সর্বোত্তম সম্পদ হল নেক স্ত্রী'।
[ সহিহ মুসলিমঃ ১৪৬৭]