04/09/2026
রবিউল আউয়াল মাসে বারবার মনে পড়ে আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ﷺ-এর কথা, তাই না? তাঁকে ঠিক কতটা ভালোবাসি আমরা, বোঝাতে পারবেন? মনে হয় না বোঝানো সম্ভব।
ছোটবেলা থেকেই শুনে আসছি, ১২ রবিউল আউয়াল তাঁর জন্মদিন।
তবে, এই তারিখটি কি আসলেই নিশ্চিত কি না কখনো রিসার্চ করে দেখেছেন?
তাহলে আসল তারিখটা কবে?
১২ রবিউল আউয়াল তারিখে রাসূলুল্লাহ ﷺ জন্মগ্রহণ করেছিলেন বলে বহুল প্রচলিত হলেও, এটি সহিহ হাদিস দ্বারা নিশ্চিতভাবে প্রমাণিত নয়।
সীরাহবিদদের কাছে প্রসিদ্ধ ও ব্যাপকভাবে গ্রহণযোগ্য মত হলো, রাসূলুল্লাহ ﷺ রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু মাসের ঠিক কোন তারিখে তাঁর জন্ম হয়েছিল, এ বিষয়ে আলেম ও ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে।
২, ৮, ৯, ১০ এবং ১২ রবিউল আউয়ালসহ একাধিক মত পাওয়া যায়। ১২ রবিউল আউয়ালের মতটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ হলেও এটিকে নিশ্চিত ও চূড়ান্তভাবে প্রমাণিত বলা যায় না।
তবে একটি বিষয় আমরা সহিহ হাদিস থেকে নিশ্চিতভাবে জানি, আমাদের প্রিয় নবী ﷺ জন্মগ্রহণ করেছিলেন সোমবার।
সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ ﷺ বলেছিলেন,
“এ দিনেই আমি জন্মগ্রহণ করেছি এবং এ দিনেই আমার ওপর ওহি নাযিল হয়েছে।”
(সহিহ মুসলিম, ১১৬২)
অর্থাৎ তিনি প্রতি সোমবার রোজা রাখতে পছন্দ করতেন নিজের জন্মের বার হিসেবে। এবং ওহি নাযিল শুরু হওয়ার দিন হিসেবে।
তাই রবিউল আউয়াল আমাদের জন্য দারুণ একটি মাস। এই মাস আমাদের আরও জোরালো ভাবে মনে করিয়ে দেয় সেই মহান মানুষটির আগমনের কথা, যাঁর মাধ্যমে আল্লাহ আমাদের কাছে হিদায়াতের আলো পৌঁছে দিয়েছেন।
আমরা এতটুকু নিশ্চিন্তে বলতে পারি, রবিউল আউয়াল সেই মাস, যে মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ﷺ পৃথিবীতে আগমন করেন। তাঁর জন্মের সুনির্দিষ্ট তারিখ নিয়ে মতভেদ থাকলেও সহিহ হাদিস থেকে নিশ্চিতভাবে জানা যায়, তিনি জন্মগ্রহণ করেছিলেন সোমবার।
এই রবিউল আউয়ালে লিখছি “রসূলের ﷺ গল্প শুনি” সিরিজ।
আমাদের প্রিয় রাসূল ﷺ-এর জীবনের ছোট ছোট ঘটনা, তাঁর অসাধারণ আখলাক, মানুষের সঙ্গে তাঁর আচরণ, বিভিন্ন পরিচিত-কম পরিচিত ঘটনা এবং আমাদের জীবনের জন্য সেখান থেকে পাওয়া অমূল্য শিক্ষাগুলো নিয়েই থাকবে এই সিরিজ, ইন শা আল্লাহ।
তাই সিরিজটির পরবর্তী পর্বগুলোর জন্য চোখ-কান-অন্তর রাখুন ...
এই ফাঁকে দরুদ পাঠ করে ফেলুন কম পক্ষে ৫ বার ﷺ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ