15/02/2026
আপনার চারপাশেই ছড়িয়ে আছে ব্রেইন ডেভেলপমেন্টের হাজারো উপকরণ। আপনি যেগুলোকে সংসারের আবর্জনা বা রান্নাঘরের জিনিস মনে করছেন, নিউরোসায়েন্সের ভাষায় সেগুলোই হলো শ্রেষ্ঠ লার্নিং টুল।
রান্নাঘরের গুপ্তধন:
ভাবুন তো, আপনি যে হাজার টাকা দিয়ে স্ট্যাকিং কাপ বা সাইজ সর্টিং টয় কেনার জন্য আফসোস করছেন, আপনার রান্নাঘরেই কি বিভিন্ন মাপের গামলা, বাটি আর পাতিল নেই?
আপনার শিশু যখন একটা ছোট বাটি বড় বাটির ভেতরে ঢোকায়, তখন সে আসলে Spatial Awareness বা স্থানের ধারণা শিখছে। সে শিখছে কোনটা বড়, কোনটা ছোট। সে শিখছে ভেতর আর বাহির।
একটা প্লাস্টিকের চামচ আর একটা স্টিলের কাপ। ব্যাস! তার Hand-eye coordination বা হাত-চোখের সমন্বয়ের জন্য এর চেয়ে দামি জিনিস আর কী হতে পারে?
আর ডাল-চালের কথা চিন্তা করুন তো। এক মুঠো মসুর ডাল আর এক মুঠো চাল মিশিয়ে দিন। তারপর তাকে বলুন আলাদা করতে। এই যে সে দুই আঙুলের ডগা ব্যবহার করে একটা একটা করে ডাল তুলছে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে Fine Motor Skill Development। যেটার জন্য মানুষ হাজার টাকার সেন্সরি বিন কিনে, সেটা আপনার ঘরের এক মুঠো চালেই সম্ভব। লাল টমেটো, সবুজ শসা আর হলুদ কলার চেয়ে জীবন্ত উপায়ে কেউ কি রঙ চিনতে পারে?
পরিত্যক্ত জিনিস
সম্মানিত অভিভাবক, আমরা অনেকেই অনলাইন শপগুলোতে স্ক্রল করে করে দামী অ্যাক্টিভিটি বোর্ড খুঁজি। ভাবি, ওই বোর্ডে যত বেশি গিট আর নব (K**b) থাকবে, বাচ্চা বোধহয় তত বেশি স্মার্ট হবে। অথচ আপনার ঘরে পড়ে থাকা একটা পুরনো খবরের কাগজ বা ম্যাগাজিন, যেটা ছিঁড়লে আপনি হয়তো বাচ্চাকে বকা দেন, সেটা কি কোনো অংশে কম?
শিশুকে ওই কাগজটা ছিঁড়তে দিন। যখন সে কাগজটা দুই হাত দিয়ে ছিঁড়ছে, তখন তার আঙুলের সূক্ষ্ম পেশিগুলো কাজ করছে। কাগজ কুঁচকানোর শব্দ তার কানে নতুন এক সংকেত দিচ্ছে। ছবিগুলো দেখে সে যখন অদ্ভুত সব প্রশ্ন করছে, তখন তার কল্পনার রাজ্যে ডালপালা গজাচ্ছে। বিশ্বাস করুন, এই সাধারণ কাগজের টুকরোর মধ্যে যে মানসিক তৃপ্তি আর সৃজনশীলতা আছে, তা হাজার টাকার কোনো ডিজিটাল স্ক্রিনে নেই। স্ক্রিন আপনার বাচ্চাকে 'প্যাসিভ' করে দেয়, আর কাগজ তাকে করে তোলে 'অ্যাক্টিভ'।
আমার এক বন্ধুর কথা মনে পড়ল। তার সন্তানের জন্য সে অনেক দামি একটা ইলেকট্রিক গাড়ি কিনেছিল। কিন্তু সেই শিশুটি সারাদিন খেলত একটা পুরনো কার্টনের বাক্স নিয়ে! ওই বাক্সটাই কখনো তার কাছে স্পেসশিপ, কখনো আবার তার ছোট্ট ঘর। এই যে Imagination বা কল্পনাশক্তি, এটা কি কোনো ব্যাটারিচালিত খেলনা দিতে পারে? ব্যাটারিচালিত খেলনা তো শিশুর কল্পনাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে ফেলে। কিন্তু একটা খালি বাক্স তাকে অসীম আকাশের স্বপ্ন দেখায়।
বাসার অন্যান্য জিনিস:
সম্মানিত অভিভাবক, আপনি বাসার সহজ আরো কিছু ইনস্ট্রুমেন্টস দিয়েও কিন্তু তাদের ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করতে পারেন। একটু ভাবুন তো...
• একটি ৫০ টাকার গল্প/ছড়ার বই বা একটা ছবির বই, হাজার টাকার প্লাস্টিকের খেলনার চেয়ে বেশি কার্যকর। এটা বাচ্চার মনে পড়ার প্রতি আগ্রহ আর ভাষার ভিত গড়ে দেয়।
• আপনার পাঞ্জাবির বোতাম বা পুরনো শার্টের বোতাম খোলা-লাগানো, এটি শিশুর Fine Motor Skill ডেভেলপমেন্টের জন্য যেকোনো থেরাপিউটিক টুলের চেয়েও শ্রেষ্ঠ।
• দুটো চেয়ারের মাঝখানে একটা কম্বল টানিয়ে দিন, নিচে কয়েকটা বালিশ দিন। দেখুন, একটা 'গুহা' বা 'ক্যাসেল' তৈরি হয়ে গেল! এর ভেতরে বসে যখন আপনার শিশু লুকোচুরি খেলবে, তখন তার ভেতরে যে স্পেশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হবে, তা কোনো দামী গেম দিয়ে সম্ভব নয়।
তাই বলছি, দামী খেলনা দিয়ে শিশুর ঘর সাজানো যায়, কিন্তু পরিত্যক্ত সাধারণ জিনিস দিয়ে শিশুর মস্তিষ্ক সাজানো যায়। আপনি কি এখনো মরীচিকার পেছনে ছুটবেন, নাকি আপনার ঘরের এই ছোট ছোট জাদুকরী জিনিসগুলো আপনার সন্তানের হাতে তুলে দিবেন?
প্রকৃতির বিশাল উপহার:
সম্মানিত অভিভাবক, চলুন এবার ড্রয়িং রুমের দেয়াল ছাপিয়ে একটু বাইরের জগতের দিকে তাকাই। আমরা কৃত্রিমভাবে তৈরি সেন্সরি কিট বা ওয়াটার প্লে সেট কেনার জন্য যখন উদগ্রীব হয়ে থাকি, তখন ভুলেই যাই যে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই পুরো প্রকৃতিকেই সাজিয়েছেন আপনার সন্তানের এক বিশাল পাঠশালা হিসেবে।
আমরা অনেক সময় ভাবি, সন্তানকে বাইরের ধুলোবালি বা কাদা থেকে দূরে রাখলেই বোধহয় সে সুস্থ আর উন্নত থাকবে। কিন্তু নিউরোসায়েন্স আর শিশু মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা। আপনি কি জানেন? প্রকৃতির এই সাধারণ জিনিসগুলো আপনার সন্তানের মস্তিষ্কে যে সিগন্যাল পাঠায়, তা কোনো এয়ারকন্ডিশন্ড শোরুমের খেলনা পাঠাতে পারে না।
পাতা ও ফুলের জাদুকরী জগত:
আমরা রঙের ধারণা দেওয়ার জন্য হাজার টাকার কালার কার্ড কিনি। অথচ একবার আপনার আঙিনায় বা পার্কে নিয়ে যান তো তাকে। সেখানে সবুজ পাতা আছে, মরা বাদামি পাতা আছে, ঝরে পড়া হলুদ পাতা আছে। এই যে রঙের শেড (Shade) আর ভিন্ন ভিন্ন টেক্সচার, কোনোটা খসখসে, কোনটা রেশমের মতো নরম। এগুলো স্পর্শ করার মাধ্যমে তার মস্তিষ্কে যে Tactile Sensory বা স্পর্শজনিত উদ্দীপনা তৈরি হয়, তা অদ্বিতীয়। একটি ফুলের গন্ধ শুঁকে যখন সে চোখ বন্ধ করে আনন্দ পায়, তখন তার ঘ্রাণেন্দ্রিয় যে পাঠ নেয়, তা কোনো বই পড়িয়ে সম্ভব নয়।
পাথর ও নুড়ির গণিত:
গণিত মানে কি শুধু কাগজের পাতায় যোগ-বিয়োগ? একদমই না। এক মুঠো নুড়ি পাথর আপনার বাচ্চার জন্য শ্রেষ্ঠ ম্যাথমেটিক্যাল টুল। কয়েকটা বড় পাথর আর কয়েকটা ছোট নুড়ি নিন। তাকে বলুন বড়-ছোট আলাদা করতে। তাকে শেখান, দেখো তো বাবা, এখানে কয়টা পাথর আছে? সে যখন গুনবে এক, দুই, তিন... তখন সে বাস্তব বস্তুর মাধ্যমে সংখ্যাকে অনুভব করছে। সাজানো শিখছে, প্যাটার্ন শিখছে।
মাটি: সম্মানিত অভিভাবক, আমরা ভয় পাই, মাটি ধরলে বাচ্চা অসুস্থ হবে। অথচ আপনি কি জানেন? মাটিতে থাকা কিছু উপকারী অণুজীব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মাটি দিয়ে ঘর বানানো, কাদা দিয়ে গোল গোল পুতুল বানানো, এর চেয়ে বড় Sensory Play আর কী হতে পারে? এই যে কাদা হাতে চটচট করছে, মাটির সোঁদা গন্ধ নাকে আসছে, এটি তার মগজের নিউরাল কানেকশন গুলোকে এক নিমেষে সচল করে দেয়। অথচ আমরা এই মাটির অভাব পূরণ করতে কাইনেটিক স্যান্ড (Kinetic Sand) কিনি চড়া দামে। কী অদ্ভুত, তাই না?
পানি:
এক গামলা পানি আর কয়েকটা ভাঙা কাপ বা বাটি।সম্মানিত অভিভাবক, বিশ্বাস করুন, আপনার বাচ্চার জন্য এটাই পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াটার সায়েন্স ল্যাব হয়ে উঠতে পারে।
সে যখন কাপে পানি ভরে আবার ঢেলে দেয়, তখন সে ভরা-খালি শিখছে। সে যখন দেখে একটা কাঠের টুকরো ভাসছে আর একটা চামচ ডুবে যাচ্ছে, তখন সে নিজের অজান্তেই পদার্থবিজ্ঞানের Density বা ঘনত্বের পাঠ নিচ্ছে।
এখন নিজেকে প্রশ্ন করুন, দামী প্লাস্টিকের তৈরি সেন্সরি ওয়াটার টেবল কি এই অকৃত্রিম অভিজ্ঞতার চেয়ে বেশি কার্যকর? কখনোই না। প্রকৃতি নিখরচায় আপনার সন্তানকে যা শেখাতে পারে, দামী কর্পোরেট কোম্পানিগুলো তার ছিটেফোঁটাও পারবে না। (অবশ্যই পানির বিষয়ে সতর্ক থাকবেন)
সম্মানিত অভিভাবক, আপনার বাচ্চার শৈশবকে প্লাস্টিকের খাঁচায় বন্দি করবেন না। তাকে মাটির কাছে নিন, তাকে পানির স্পর্শ পেতে দিন, তাকে নুড়ি পাথর দিয়ে বিশ্ব জয়ের সুযোগ করে দিন। কারণ, প্রকৃতির এই উপহারগুলোই তার মস্তিষ্কের প্রকৃত খাদ্য।
পঞ্চম সত্য: আপনার সময়ই সবচেয়ে দামি উপহার
সম্মানিত অভিভাবক, এবার আমি এমন একটি সত্যের সামনে আপনাকে দাঁড় করাব, যা শোনার পর আপনার বুকের ওপর চেপে থাকা সব অপরাধবোধের পাহাড় এক নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে। আমরা টাকার পেছনে ছুটি যাতে সন্তানকে সেরা জিনিসটা দিতে পারি, অথচ সেই সেরা জিনিসটা যে আসলে কোনো দোকানে বিক্রিই হয় না, সেটা কি আমরা জানি?
চলুন আজ একটি গবেষণার গল্প শুনি। দুটি ভিন্ন পরিবেশের শিশুদের নিয়ে একটি পরীক্ষা চালানো হয়েছিল। ফলাফলটা আমাদের সবার জন্য এক বিশাল চপেটাঘাত।
প্রথম গ্রুপে ছিল সেইসব শিশু, যাদের ঘরে দামী খেলনার কোনো অভাব নেই। বাহারি রঙের লার্নিং কিট, ব্যাটারিচালিত রোবট আর ব্রান্ডেড সব ম্যাটেরিয়াল। কিন্তু সমস্যা ছিল এক জায়গায়, তাদের বাবা-মা ভীষণ ব্যস্ত। সন্তানের সাথে কথা বলার বা খেলার সময় তাদের খুব একটা নেই। তারা ভাবতেন, দামী খেলনা তো কিনে দিয়েছিই, ওটা থেকেই তো ও সব শিখবে।
দ্বিতীয় গ্রুপে ছিল সেইসব শিশু, যাদের ঘরে তেমন কোনো দামী খেলনা ছিল না। তাদের সম্বল ছিল ঘরোয়া সাধারণ কিছু জিনিস। কিন্তু তাদের ছিল একটা অভাবনীয় সম্পদ, বাবা-মায়ের নিবিড় সান্নিধ্য। প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাবা-মা ফোন দূরে সরিয়ে রেখে তাদের সাথে কথা বলতেন, গল্প শোনাতেন, এমনকি নিছক ধুলোবালি নিয়ে তাদের সাথে খেলতেন।
ফলাফল কী ছিল জানেন?
গবেষণা শেষে দেখা গেল, দ্বিতীয় গ্রুপের শিশুরা অর্থাৎ যারা শুধু সময় আর ভালোবাসা পেয়েছে, তারা বুদ্ধিবৃত্তি (IQ), আবেগীয় বুদ্ধিমত্তা (EQ) এবং সামাজিক দক্ষতার দিক থেকে প্রথম গ্রুপের শিশুদের চেয়ে বহুগুণ এগিয়ে! (এটা অনেক গবেষণার একটা সার নির্জাস)
কারণটা খুব সহজ: মানুষের স্পর্শ, ভালোবাসা আর পূর্ণ মনোযোগের কোনো কৃত্রিম বিকল্প আজ পর্যন্ত কোনো ল্যাবরেটরিতে তৈরি হয়নি। কোনো প্লাস্টিকের রোবট আপনার সন্তানের চোখের ভাষা বুঝতে পারে না, কিন্তু আপনি পারেন। কোনো দামী স্পিকার আপনার সন্তানের আবেগে সাড়া দিতে পারে না, কিন্তু আপনার কোল পারে।
সম্মানিত অভিভাবক, আপনার কাছে আমার একটি বিনীত অনুরোধ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিনে মাত্র ৩০ মিনিট সময় বরাদ্দ করুন। মাত্র ৩০ মিনিট! এই সময়টুকুতে ফোনটা অন্য ঘরে রেখে দিন, ওয়াইফাই বন্ধ করুন। শুধু আপনি আর আপনার সন্তান। তার চোখে চোখ রেখে কথা বলুন, তাকে ছড়া শোনান, তার আজব সব কাল্পনিক গল্পের সঙ্গী হোন।
বিশ্বাস করুন, আপনার এই ৩০ মিনিটের সান্নিধ্য, মার্কেটের ওই ১০ হাজার টাকার 'স্মার্ট লার্নিং টয়'-এর চেয়েও কোটি গুণ বেশি কার্যকর। আপনার বাচ্চার মগজে যে নিউরাল কানেকশন আপনার একটা চুমু বা একটা হাসিতে তৈরি হবে, তা কোনো যান্ত্রিক খেলনা হাজার বছরেও পারবে না।
আমরা সন্তানদের জিনিস দিচ্ছি, কিন্তু নিজেকে দিচ্ছি না। অথচ তারা জিনিস চায় না, তারা চায় আপনাকে। আপনিই কি তবে আপনার সন্তানের শ্রেষ্ঠ উপহার নন?