26/07/2021
শক্ত আবরণের ভেতরের মজাদার বীজ জাতীয় অংশকে আমরা সাধারণ ভাষায় বলি, বাদাম। অতি প্রাচীন কাল থেকেই বাদাম, পুষ্টি ও স্বাদের অন্যতম আকর্ষণীয় মাধ্যম। গ্রীক, মেসোপটেমিয়া, সিন্ধু কিংবা মায়ান-সকল সভ্যতাতেই সফরসঙ্গী, আয়ুর্বেদিক, শাস্ত্রীয় অথবা সাধারণ খাদ্যপণ্য হিসেবে বাদামের ব্যাপক ব্যবহার হয়েছে। এর মাঝে কিছু বাদামের ফলন হতো পুরো বিশ্বজুড়ে, আবার কোনোটা মানুষ খাওয়া শিখেছে বহুদিন পর।
ধর্মীয় গ্রন্থগুলোয় পেস্তা,আলমন্ড ও আখরোটের উল্লেখ এটাই প্রমাণ করে যে, বাদামের উৎকৃষ্টতা সমসাময়িক অন্যান্য খাবার থেকে ছিল অনেক গুণে বেশি। সম্পূর্ণ প্রাকৃতিক বলে একেক জাতের বাদামে সাধারণ মানুষ তার শতভাগ ভরসা এখনও রাখছে। অন্যান্য শুকনো খাবারের মতো বাদামও কোনো সময় স্ট্যাপল ফুড বা প্রধান খাদ্য হিসেবে ছিল না। প্রতি বেলার মিলের স্বাদ বৃদ্ধি করতে কিংবা সিম্পল স্ন্যাক্স হিসেবে বাদাম বেশ আবেদনময়ী। আর এ আবেদন যে চিরকাল থাকবে তা গ্রাহকের চাহিদাই বলে দেয়।
উল্লেখিত বাদামের মাঝে, কাজু বাদামের নাম মিস করে যেতে হয়েছে। কারণ, বর্তমানে কাজু বাদাম সবচেয়ে জনপ্রিয়, তবে বাকি বাদামগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট এতই বিশাল যে বিগত ৫০০-৬০০ বছর ধরে কাজু বাদাম খাওয়ার চল চালু হলেও এটি খাওয়ার অভ্যেস তুলনামূলক নতুন(!) কাজু বাদামের মজার বিষয় হলো, এটি আসলে বাদাম না। কাজু গাছের বীজ-কে আমরা বাদাম হিসেবে খাই না। তবে তারপরও এটি বাদাম কেন? সে প্রশ্নের উত্তর, এ লিখার শুরুতেই পাওয়া যায়। শক্ত আবরণের ভেতরের মজাদার বীজ জাতীয় অংশকে আমরা সাধারণ ভাষায় বলি, বাদাম। কাজু বাদামও এক শক্ত খোলসের ভেতর পাওয়া সারপ্রাইজিং এলিমেন্ট, যার স্বাদ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই না?