03/09/2026
"সরকারি চাকুরীজীবিরা কাজের বিনিময়েই বেতনটা নেন এটা কেউই মানতে চায় না! "
সরকারি চাকুরীজীবির সবচেয়ে বড়ো শত্রু হয়ে দাঁড়িয়েছে মাথায় ঘিলু আর কলমে কালিবিহীন সাংবাদিকগণ। তারা সাধারণ নাগরিকদের যেন সরকারি কর্মচারী বিরোধী করে তুলতে আদা জল খেয়ে নেমেছে বলে মনে হচ্ছে।
আজকাল সাংবাদিকদের লেখা পড়লে মনে হয় সরকারি কর্মচারীরা কোন কাজ না করেই বুঝি জনগণের টাকায় বেতন পায়। আর এটা যেন বারবার, এখানে ওখানে অতিরিক্ত প্রচার হচ্ছে বলেও মনে হচ্ছে।
সরকারি কর্মচারীরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ভাতা পায় এটা সত্য কথা।
কিন্তু এখানেই তো কথা শেষ না! কথা কেবল এখানে শুরু!!
প্রথমত, সরকারি কর্মচারীগণ নিজেরাও সর্বোচ্চ ট্যাক্স প্রদান করেন। তাঁদের বেতনের সময়ই উৎসে কর কর্তন করা হয়, যা তাঁদের ট্যাক্স প্রদানের বাধ্যকতার অংশ। আমার এমন অনেক বন্ধু আছেন যারা আমার চে অনেক বেশি অর্থ মাসিক আয় করেন কিন্তু "আয়কর" শব্দের সাথে তারা পরিচিত নন। মানে, তারা ওই ট্যাক্স কিন্তু কোনোদিন দেন নাই!
দ্বিতীয়ত, যারা এই ট্যাক্স দেন, তারা কি সরকারি সেবা নেন না? সরকারি স্কুলে পড়াতে তো তাদের বেতন দিতে হয় না, উল্টো উপবৃত্তি তারা নিজেরাই পেতে পারেন। হ্যাঁ, আমি জানি, আপনি ভাবছেন "সরকারি স্কুলের যে পড়াশোনার মান !!" কিন্তু একটা ব্যাপার আপনি জেনে রাখুন, আপনি একজন সচেতন নাগরিক হয়েও আপনার সন্তানকে সরকারি স্কুলে পড়ান না বলেই সরকারি স্কুলের মান নিয়ে প্রশ্ন তোলা যায়। যেখানে সরকারি স্কুলে যথেষ্ট সচেতন গার্জিয়ান আছেন, সেসব সরকারি স্কুলে ভর্তির জন্য বছরের শুরুতে লাইন লাগে। সচিব মন্ত্রীর সুপারিশ আসে। ওই স্কুলের শিক্ষকগণ কি সেবা না দিয়েই জনগণের ট্যাক্সের টাকা ভোগ করেন?? দেশের দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগন তাদের সন্তানদের কোথায় পড়ায়, জানেন? দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর সিংহভাগ শিক্ষার্থী সরকারি প্রাথমিক/মাধ্যমিক বিদ্যালয়ের পড়েই আসে, জানেন?? তারা শিক্ষা সেবাটা কাদের কাছে পায়, তা জানেন??
তৃতীয়ত, সরকার নিয়ন্ত্রিত ব্যাংক সমুহের সেবার মান সম্পর্কে আপনার ধারণা নেগেটিভ! সেখানে আপনি লাইন দিয়ে দাঁড়ান, ভিড়ে ঠেলাঠেলি করেন, আর অভিযোগ করেন " শালারা সব ফাঁকিবাজ! বসে বসে কানে পালক দিয়ে কান চুলকায় আর সেবা দেওয়ার বেলায় নয় ছয়"!! আপনি জানেন কি, একটা সরকার নিয়ন্ত্রিত ব্যাংক এক সপ্তাহে যতজন ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, অধিকাংশ বেসরকারি ব্যাংক ছয় মাসেও তা করে না?? (ব্যাংকার বন্ধুদের থেকে ডাটা নিয়েই সময় এবং সংখ্যা লিখেছি)
তো, সারাদিন 8 (আট) ঘন্টা টানা মনের মতো সেবা দেওয়া মেশিনের পক্ষে সম্ভব, মানুষের পক্ষে না। তাদের ওই আট ঘন্টার মধ্যে খেতেও হয়, বাথরুম সারতে হয়, এবং অবশ্যই কান চুলকালে কানও চুলকাতে হয়।
এবার আসি বেতনে; সরকার নিয়ন্ত্রিত ব্যাংকে দশ বছর চাকরি করে একজন অফিসার যত টাকা বেতন পান, অধিকাংশ বেসরকারি ব্যাংকে ফ্রেশাররাও তার চে অনেক বেশি বেতনে চাকরি স্টার্ট করে। তবু আপনারা শুধু জনগণের টাকায় বেতন নেওয়াটাই দেখেন, সেবাটা আপনাদের নজরে কখনো আসে না।
চতুর্থত, আপনি পুলিশের কাছে সেবা নেন। সকল আইনশৃঙ্গখলা রক্ষাকারী বাহিনীর কাছে সেবা নেন। নেন না? তাহলে কি তারা কোন সেবাদান ছাড়াই আপনার ট্যাক্সের টাকায় বেতন নিচ্ছে নাকি ভাই?? নাকি তাদের সেবার কোন মূল্য নাই?? কোনটা??
এরপর, সরকারি হাসপাতালে গেছেন কখনো?? আপনি হয়তো বলবেন, " যে নোংরা! ডাক্তার থাকে না, সেবা পাওয়া যায় না, মেশিনারিজ নষ্ট, ওষুধ পাওয়া যায় না..... " থামেন, একটা সরকারি হাসপাতালে প্রতিদিন কত মানুষ সেবার জন্য আসে, জানেন? আপনার কাছে ঐটা নোংরা লাগে, কিন্তু দেশের নিম্ন আয়ের জনগন ঐখানেই তাদের অসুখে বিসুখে ছোটে, সেবা নেয়। ফেরার সময় ডাক্তারদের মাথায় হাত দিয়ে দোআ করেও দেয়। হাসপাতালে যারা সেবা দেন, তারা কি শুধু শুধুই মাসের শেষে জনগণের টাকায় পকেট ভরেন বলে আপনার ধারণা??
আচ্ছা, প্রাইভেট কুরিয়ার সার্ভিসে একটা ১০০ গ্রাম প্যাকেট পাঠাতে আপনি ১৩০ থেকে ১৫০ টাকা খরচ করেন বিনা প্রশ্নে। আপনি জানেন কি, সরকারি ডাকে দেশের ভিতর একটা আধাকেজির পার্সেল পাঠালে আপনার সর্বোচ্চ ২৫ টাকা খরচ হবে? আপনি এখন এখানে ট্রাকিং সেবাও পাবেন 24/7. ডাক বিভাগ আপনার সঞ্চয়পত্রসহ আরো অনেক সেবা নিয়ে আপনার জন্য বসে আছে। আপনি সেখানে না গিয়ে আপনার ঘরের কাছে প্রাইভেট কুরিয়ার ব্যবহার করছেন, সেটা তো সরকারি ডাক সেবাদানকারী কর্তৃপক্ষের সমস্যা না, তাইনা?? তারা আপনাদের সেবা দেওয়ার জন্যই প্রতিদিন নয়টা পাঁচটা অফিসে বসেন।
এভাবে আপনি যতগুলো সরকারি অফিস এর কথা বলবেন, সব জায়গায় কিন্তু আপনি বেসিক সেবাটা বিনামূল্যেই পান, নাকি ভুল বললাম??
এখন এই বেসিক সেবাটা ওনারা কিসের জন্য দেন, কখনো মনে প্রশ্ন জেগেছে? কখনো কি এভাবে ভেবেছেন, আপনি বছরব্যপি যত টাকা VAT , ট্যাক্স হিসেবে দিচ্ছেন, যেকোনো একটা সরকারি সেবা মূল্য দিয়ে নিতে হলেও তারচেয়ে বেশি অর্থ একবারেই খরচ হয়ে যেত?
সুতরাং প্লিজ "সরকারি কর্মচারীরা বসে বসে আপনার ট্যাক্সের টাকায় বেতন, ভাতা নেন" এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসুন। সরকারি কর্মচারীরা জনগণের সেবা করেন বলেই জনগন তাদের vat, ট্যাক্সের টাকার একটা অংশ তাদের জন্য দেন। হিসেব আসলে অনেক সহজ। কিছু কুচক্রি ভিউ ব্যবসায়ী ইচ্ছাপ্রনোদিতভাবে সরকারি কর্মচারীদের হেয় করে ওইসব নিউজ তৈরী এবং সার্কুলেট করেন। আর যেহেতু দেশের প্রায় ১৮ কোটি জনগণের মধ্যে মাত্র সাড়ে চৌদ্দ লক্ষ সরকারি কর্মচারী, তাই একটা বিরাট অংশকে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টা ছাড়া এটি আর কিছুই নয়।
আমি অবশ্যই অস্বীকার করছি না যে সরকারি কর্মচারীদের মধ্যে অসৎ, ফাঁকিবাজ এবং দুর্নীতিপরায়ণ লোক আছে। তারা সরকারি কর্মচারী হয়ে সেবার মানসিকতা না দেখিয়ে ভোগের মানসিকতা লালন করেন, সত্য। কিন্তু যে দেশের সিংহভাগ দেওয়ানি মামলা ভাই ভাই, ভাই বোন, চাচা ভাতিজা এমনকি বাপ্ বেটার মধ্যে হয়, সেই দেশের শতভাগ সরকারি কর্মচারী ফেরেস্তার মতো নিষ্পাপ হবে, এটা আশা করা কি ভাই সিম্পলের বাইরে গর্জিয়াস হয়ে যায় না??
আসুন, সচেতন হই, সঠিক জানি।
© Ishtiak Emon sir.
এরপরও যাদের চুলকানি কমে না তারা কমেন্ট বক্সে দেয়া লিংক ঘুরে আসতে পারেন।