18/06/2025
ছোটবেলায় ঈদের জামা নিয়ে ভাইবোনদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। কে আগে পরবে, কাকে বেশি সুন্দর দেখাবে—এই প্রতিযোগিতাটা তখন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। একটু বড় হয়ে আমরা বুঝলাম, জীবনের প্রতিযোগিতা আর জামা কাপড় বা পরীক্ষার রেজাল্টে আটকে নেই।
এখন প্রতিদিনই কেউ না কেউ আমাদের ছাপিয়ে যাচ্ছে নাম, খ্যাতি, টাকা, ক্যারিয়ার কিংবা সম্পর্কের দিক দিয়ে। অথচ সবচেয়ে বড় প্রতিযোগিতা—জান্নাতের জন্য দৌড়—সেইটা ভুলেই যাচ্ছি আমরা, আসল প্রতিযোগিতা এইটারই হওয়া উচিত। এটা এমন এক পুরস্কার, যেটার মূল্য বোঝা গেলে দুনিয়ার সব প্রাপ্তি ম্লান হয়ে যাবে।
ক্লাসে আমরা অনেক সময় নিজের সিট বা প্রিয় টিচারের কাছের জায়গা ধরে রাখার জন্য বুদ্ধি খাটাই। বাসে উঠলে জানালার পাশে বসা নিয়েও কৌশল করি। কিন্তু কখনো কি এই ভাবনা মাথায় এসেছে—"আখিরাতে রাসুল (সা.) এর কাছাকাছি জায়গা পাওয়ার জন্য আমি কী করছি?"
জান্নাতের জন্য ত্যাগের কথা বললে অনেকেই ভাবে—"এই যুগে কীভাবে? আমরা তো যুদ্ধ করতে পারি না, সাহাবিদের মতো সময়ও নেই।" অথচ আমরা কি পারি না একদিনের জন্য নিজের আরামের বিছানা ত্যাগ করে রাতের কিছুটা সময় তাহাজ্জুদের জন্য জাগতে? অথবা নিজের অহংকার ভেঙে গিয়ে কাউকে ক্ষমা করে দিতে?
আমরা অনেক সময় দুনিয়ার কোনো সম্মান হারিয়ে ফেললে কষ্ট পাই। অফিসে কেউ প্রমোশন পেল, অথচ আমি পাইনি—এজন্য মন খারাপ হয়। কিন্তু আখিরাতের মর্যাদার জায়গাটা যখন হারিয়ে ফেলি—তার জন্য কষ্ট পাই তো?
সাহাবি আমর বিন জামুহ খুঁড়িয়ে হাঁটতেন, কিন্তু উহুদের যুদ্ধে অংশ নিতে চেয়েছিলেন শুধু এই ভয় থেকে—"পাছে জান্নাত মিস হয়ে যায়!" নবিজি তো উনার সম্বন্ধে বলেছেন—"আমি দেখতে পাচ্ছি—তুমি এই খোঁড়া পা নিয়েই সুস্থাবস্থায় জান্নাতে ঘুরে বেড়াচ্ছ!" আমাদের এমন কোন ঘাটতি আছে, যা জান্নাত পাওয়ার পথে বাঁধা? ইচ্ছা যদি হয়, তাহলে খুঁড়িয়ে হলেও জান্নাতের পথে হাঁটা যায়, তাই না?
জান্নাতের প্রতিযোগিতা কেবল সালাফদের থেকে প্রাপ্ত গল্প না। এটি আজকের আমার-আপনার জীবনেরও সবচেয়ে বড় বিষয়। আপনি সালাত আদায় করছেন, অন্যরা করছে না—এটা শুধু ধর্মীয় চর্চা না, এটা জান্নাতের দৌড়ে একটা লিড নেওয়া। আপনি চোখ ফেরাচ্ছেন হারাম থেকে, অন্য কেউ ফেরাচ্ছে না—এটাও প্রতিযোগিতারই অংশ।
যেদিন জান্নাত আমাদের হৃদয়ের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু হয়ে যাবে, সেদিন সব হিসাব পাল্টে যাবে। তখন আর দুনিয়ার ক্ষতি কিংবা কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না, যদি জান্নাত পাওয়ার পথে আমরা এভাবে এক ধাপ এগিয়ে থাকতে পারি, ইন শা আল্লাহ।
এগিয়ে থাকার এই পথে আপনার সহযোগী হতে পারে 'জান্নাত যেমন হবে' বইটি।
সংগ্রহে আছে তো আপনার?
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন...