31/05/2025
🕊️ এক অলৌকিক রিযিক – যেটা একমাত্র আল্লাহই ঠিক করেন🕊️
আজ দুপুরের একটু পর, প্রায় ২:৪৫ মিনিটে, আমি গিয়েছিলাম ড্যাগেনহ্যাম এলাকার ১০১ নম্বর দরজায়,কাস্টমারের অর্ডার ছিল —হ্যান্ডমেড ঘি ও ঝালমুড়ি মসলা পৌঁছে দিতে।
অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। কল করলাম, দরজায় নক করলাম—কিন্তু কোনো সাড়া নেই।
পরে আমি ১০৩ নম্বর দরজায় নক করলাম। এক ভদ্রলোক দরজা খুললেন।
আমি বিষয়টা ব্যাখ্যা করলাম এবং অনুরোধ করলাম পার্সেলটি যেন তিনি সাময়িকভাবে রেখে দেন।
তিনি হাসিমুখে রাজি হলেন এবং জিজ্ঞেস করলেন, “ভিতরে কী আছে?”
বললাম, হ্যান্ডমেড ঘি এবং ঝালমুড়ি মসলা।
আমি তাঁকে জিজ্ঞেস করলাম,
“আপনি কি ঘি চেনেন? আপনি ঘি খান?”
তিনি হেসে বললেন,
“হ্যাঁ, আমার মা আমাদের দেশীয় খাবারে ঘি ব্যবহার করেন। আমরা সবাই ঘি পছন্দ করি।”
এই কথার পরেই মনে পড়ল—গাড়িতে একটা অতিরিক্ত ঘি আছে, অন্য একজন কাস্টমারের জন্য।
আমি সেটি উপহার হিসেবে দিলাম এবং বললাম, “ট্রাই করে দেখুন, যদি ভালো লাগে ইনশাআল্লাহ অর্ডার করতে পারেন।”
বেশি সময় না যেতেই, আমি তখনো গাড়িতে—একটি মেসেজ পেলাম:
“আমরা সবাই ঘি খেয়েছি—অসাধারণ! সবাই খুব পছন্দ করেছে। ইনশাআল্লাহ গুগলে রিভিউ দিব।”
বিকেলে আসল কাস্টমার ফোন করলেন। বললেন, “আপনি তো এলেন না।”
আমি বললাম, “আমি তো ১০১ নম্বর দরজায় গিয়েছিলাম।”
তিনি বললেন, “আমার বাসার নম্বর ১৪১!”
সুবহানআল্লাহ। ভুল ঠিকানায় গিয়েছিলাম।
আমি আবার ১০৩ নম্বর সেই ভাইকে কল করলাম।
তিনি খুশিমনে ১৪১ এ গিয়ে পার্সেল দিয়ে এলেন।
তখন আমি বুঝলাম—
যে ঘি আমি উপহার দিয়েছিলাম, সেটা অন্য কারো জন্য ছিল না।
সেটা যার রিযিকে লেখা ছিল, সে-ই পেয়েছে।
“وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا”
— সুরা হুদ, আয়াত ৬
“পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিযিক আল্লাহর দায়িত্ব নয়।”
যদি ১০১ দরজা খুলে দিত, যদি কাস্টমার ফোন ধরতেন, যদি আগেই অন্য পার্সেল ডেলিভারি করে ফেলতাম—এই দৃশ্যপট কখনোই তৈরি হতো না।
আমরা বানাই ঘি,
কিন্তু কে খাবে—এটা একমাত্র আল্লাহ ঠিক করেন।
“নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা রিযিক দেন এবং যাকে চান কমিয়ে দেন।”
— সুরা ইসরা, আয়াত ৩০
তাঁরা আমাদের চিনতেন না, তাঁরা কিছুই কেনেননি— তবুও যদি আল্লাহ তা লিখে রাখেন, তবে সেটা ঠিকই তাদের প্লেটে পৌঁছে যাবে।
আলহামদুলিল্লাহ।
আল্লাহর প্ল্যানই সবথেকে সুন্দর।