21/06/2026
রবিবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকল সকলেই। ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে “Positive বার্তা”-র উদ্যোগে আয়োজিত হলো প্রাণবন্ত “শান্তিনিকেতন ই-হাট”।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন নতুন মাত্রা পায়। তাঁদের সহযোগিতায় স্থানীয় হস্তশিল্পী ও লোকশিল্পীদের কাজ আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
ই-হাটের বিভিন্ন স্টলে দেখা যায় হাতে তৈরি নান্দনিক পোশাক, আকর্ষণীয় অলংকার এবং বৈচিত্র্যময় হস্তশিল্প সামগ্রী। শিল্পীদের নিজস্ব সৃজনশীলতায় ভরপুর এই সব পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো—দিনভর ছিল উপচে পড়া ভিড়।
শুধু কেনাবেচাই নয়, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, সঙ্গীতসহ বিভিন্ন পরিবেশনায় তারা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে এবং অনুষ্ঠানে এক উৎসবমুখর আবহ তৈরি হয়।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় শিল্পীদের আর্থিক ও সামাজিকভাবে এগিয়ে যেতে সহায়তা করবে, পাশাপাশি আমাদের সমৃদ্ধ লোকসংস্কৃতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।