05/01/2024
'12th Fail'
সোশ্যাল ড্রামা
Director: বিধু বিনোদ চোপড়া
Starring: বিক্রান্ত মেসি, মেধা শঙ্কর, প্রিয়াঙ্শু চট্টোপাধ্যায়, অনন্ত বিজয়
ছবির গল্প
এই গল্পের মুখ্যচরিত্রের নাম মনোজ। সেই চরিত্রে দেখা গিয়েছে বিক্রান্ত মেসিকে। চম্বলে থাকা এই চরিত্রটি একটি ভীষণ গরীব পরিবারেই বেড়ে ওঠে। মনোজের বাবা চাকরি হারায় তার সততার জন্যই। নিজের চেষ্টাতেই পড়াশোনা চালিয়ে যায় মনোজ। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসলেও সে অকৃতকার্য হয়। সেই স্কুলে চিরকালই পরীক্ষার সময় দেদার নকল করা একেবারে প্রথায় পরিণত হয়েছিল। শিক্ষক-শিক্ষিকারাও বারণ করতেন না, কারণ তাঁরা চাইতেন স্কুলটা চলুক। কিন্তু যে বছর মনোজ পরীক্ষায় বসে, একজন সৎ পুলিশ অফিসার এই বিষয়টি ধরে ফেলে। পরীক্ষায় নকল করা বন্ধ করায়, অকৃতকার্য হয়ে মনোজ। সেই ঘটনাই ঘুরিয়ে দেয় তার জীবনের মোড়। ওই পুলিশ অফিসারের মতো হওয়ার ইচ্ছা হয় মনোজের। পুলিশ অফিসার মনোজকে বলেন, তাঁর মতো হওয়ার জন্য মনোজকে ফাঁকি দেওয়া বন্ধ করতে হবে। সত্য ঘটনা নিয়ে তৈরি এই ছবি জুড়ে দেখানো হয়েছে, চম্বলের এক দরিদ্র ছেলের আইএএস হয়ে ওঠার গল্প।
কেমন হল ছবিটি?
এই ছবিটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় অনায়াসেই। পড়াশোনা শুরু করার সময়, অনেক শিশুদেরই সামনে রাখা হয় IAS বা IPS হওয়ার লক্ষ্য। সেই লক্ষ্যে পড়াশোনা করেন অনেকেই, কেউ সফল হন, কেউ হন না। এই ছবি মনে করাবে সেই গল্পকেই। ছবিটি আপনাকে একইসঙ্গে যেমন কাঁদাতে পারে, তেমনই উদ্বুদ্ধ করতে পারে। মনোজের যে সফরকে তুলে ধরা হয়েছে তা সত্যিই সুন্দর। তবে প্রথমে যখন মনোজের জীবনে তার প্রেমিকা আসে, দর্শকদের মনে হতেই পারে, এই চরিত্র অপ্রয়োজনীয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের সেই ভুলও ভেঙে যাবে। বিশাল সেট নেই, আকর্ষণীয় গান নেই.. তারপরেও এই ছবিতে এমন কিছু রয়েছে যা মন ছুঁতে বাধ্য।