13/08/2026
মা, কেউ কথা রাখেনি
মা, তুমি বলেছিলে—
“কখনো ভয় পাবি না,
সবাই না থাকলেও
আমি তো আছি তোর পাশে।”
আজ কত বছর হয়ে গেল, মা,
তুমি নেই…
আর বুঝেছি—
কথা সবাই দেয়,
কথা সবাই রাখে না।
যারা বলেছিল,
“তুই একা হবি না কখনো,”
তারাই একদিন
অচেনা মানুষের মতো দূরে সরে গেল।
যারা বলেছিল,
“যত কষ্টই আসুক,
তোর হাতটা ছাড়ব না,”
তারাই সবচেয়ে প্রয়োজনের সময়ে
হাতটা ছেড়ে চলে গেল।
শুধু তুমি, মা—
তুমি কথা রাখতে চেয়েছিলে।
কিন্তু সময় তোমাকেও
আমার কাছ থেকে কেড়ে নিল।
এখন খুব মন খারাপ হলে
কাউকে বলতে ইচ্ছে করে না,
শুধু মনে মনে তোমাকে ডাকি—
“মা, একটু কথা বলো…”
কিন্তু ওপাশ থেকে
কোনো উত্তর আসে না।
মা, জানো?
তোমার সেই মেয়েটা
আজ অনেক বড় একা হয়ে গেছে,
অনেক কিছু সহ্য করতে শিখেছে,
কাঁদতে কাঁদতে
হাসতে শিখেছে।
তবুও কিছু রাতে
সব শক্তি ভেঙে যায়—
তখন মনে হয়,
তোমার কোলে মাথা রেখে
শুধু একবার বলি—
“মা, কেউ কথা রাখেনি…
শুধু তোমার কথাগুলোই
আজও আমার বুকের ভেতর
নিঃশব্দে বেঁচে আছে।” fans