08/05/2021
লাইলাতুল ক্বাদরের প্রস্তুতি কিভাবে নিব?
আল্লাহ সুবাহানাল্লাহু ওয়া তাআ’লা সূরা ক্বাদরে বলেছেন: لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
অর্থাৎ: লাইলাতুল কদর বা ক্বাদরের রাত হল এক হাজার মাসের চেয়েও উত্তম।
এক হাজার মাস = ৮৩ বছর ৪ মাস
এ রাত শুরু হয় মাগরিবের পর থেকে, আর শেষ হয় ফজরের ওয়াক্ত হওয়ার সময়।
আমাদের উত্তর আমেরিকায় মাগরিব থেকে ফজর হতে সময় লাগে ৮ ঘন্টা ১৬ মিনিট। তার মানে, এ রাতের এক একটা মিনিট ২ মাসের চেয়েও বেশি দামি।
গোসল করলে শরীরটা চাঙ্গা হয়, শরীরে একটা ঝরঝরে ভাব আসে, ইবাদাত করতে স্বাচ্ছন্দ লাগে। ১০ মিনিট সময় নিয়ে মাগরিবের পরে বা ঈশার আগে গোসল করলে ২০ মাসের বরকত কমে যাবে। তাই ইফতারের আগে আগে গোসল সেরে নেয়াই ভাল।
আর মোবাইল পারতপক্ষে বন্ধ করে বা এয়ারপ্লেন মোডে রাখাই ভাল। কোন গুরুত্বপূর্ণ মিটিংয় শুরুর আগে যেমন আমরা ফোন সাইলেন্ট বা এয়ারপ্লেন মোডে রাখি সেরকম। আর আমরা প্রত্যেকেই নিজেদের সম্পর্কে খুব ভাল করেই জানি যে এ ফোন আমাদের কতটা সময় নষ্ট করে। তাই অন্তঃত এই রাতে ফোন ব্যবহার না করি। কারণ এ রাতের এক একটা মিনিট ২ মাসের চেয়েও বেশি দামি।
মিরাজের রাতে হযরত ইব্রাহীম (আঃ) এর সাথে দেখা হলে (খুব সম্ভবত সপ্তম আসমানে) তিনি রাসূলুল্লাহ (সঃ) কে বলেন: হে মুহাম্মাদ! আপনার উম্মতকে আমার সালাম বলবেন এবং তাদেরকে জানাবেন, জান্নাতের মাটি খুবই উর্বর। তার পানি খুবই সুপেয় এবং তা গাছপালা বিহীন খোলা প্রান্তর (সুতরাং আপনি তাদেরকে তাতে বেশি বেশি গাছ লাগাতে বলুন)। তাতে গাছ লাগানোর চারা হল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। (তিরমিযী, হাদীস ৩৪৬২)
অতএব এ চারা লাগানোর জন্য ক্বাদরের রাতের চেয়ে বরকতপূর্ণ রাত আর কী হতে পারে? এ রাতে সুবাহানাল্লাহ পড়লে তা ১০০০x৩০ = ৩০ হাজার রাত ধরে সুবাহানাল্লাহ পড়ার চেয়েও বেশি বরকতময় হবে ইনশাআল্লাহ।
ঠিক একইভাবে সালাহ (নামাজ), জিকির, সাদাকাহ (দান), কুরআন তিলাওয়াত এবং দু’আ - সবকিছুকেই আল্লাহ অকল্পনীয় বরকত দিয়ে পূর্ণ করে দিবেন এ রাতে।
তাই আসুন, মাগরিব আসার আগেই এ রাতের জন্য প্রস্তুতি নিতে থাকি। কারো সাথে খারাপ আচরণ আর গালমন্দ না করি। চেহারায় হাসি ফুটিয়ে রাখি সারাক্ষণ। কারণ কোনো মুসলিমকে দেখে সুন্দর হাসি ও সালাম দেয়াও সাদাকাহ।
আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল ক্বাদরের পুরোপুরি বরকত হাসিল করার তৌফিক দিক। আমীন।