20/10/2021
ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহিদ (আল্লাহর একত্ববাদে বিশ্বাস) আর হিন্দুধর্মের সর্বাধিক দৃশ্যমান দিক হচ্ছে মূর্তিপূজা বা বহুঈশ্বরবাদিতা। এজন্য এ দুটো জীবন পরস্পরবিরোধী। যেহেতু দুটোই সত্যধর্ম হতে পারে না, কাজেই আবেগমুক্ত মন নিয়ে যুক্তির মাপকাঠিতে বিচার করে দেখার দরকার আছে, কোনটা সত্য আর কোনটা বিকৃত বা অসত্য। যারা সংস্কারমুক্ত ভাবাবেগহীন মন নিয়ে সত্যকে অনুধাবন করতে চান, এ বইটি তাদের জন্য।
পৃথিবীর প্রধান দুটো ধর্ম হচ্ছে হিন্দুধর্ম ও ইসলাম। বহু কাল থেকে এ দু ধর্মের অনুসারীগণ দক্ষিণ-এশীয় উপমহাদেশে বাস করছেন প্রতিবেশী হিসেবে; কিন্তু একে-অপরের ধর্ম সস্পর্কে জানাজানির তেমন কোনো চেষ্টা কখনো হয়েছে বলে মনে হয় না। উপমহাদেশে আগমনের পর মুসলিমগণ স্থানীয় লোকদের ধর্ম সম্পর্কে কেনো আগ্রহ দেখিয়েছেন বা ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে তাদের অবহিত করার জন্য উল্লেখযোগ্য কোনো চেষ্টা করেছেন,তাও মনে হয় না। স্থানীয় যেসব লোক ইসলাম গ্রহণ করেছেন,তা তারা করেছেন মুসলিমদের আকিদা-বিশ্বাস, ইবাদত-বন্দেগি, চরিত্র এবং ইসলামের সাম্য ও ন্যায়বিচার দেখে। একে-অপরের ধর্ম সম্পর্কে জানা না থাকার ফলে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। অন্যদিকে হিন্দুত্ববাদের নামে বর্তমান ভারতে যে আন্দোলন চলছে, তা হিন্দুধর্ম সম্পর্কে জানার প্রয়োজনীয়তা অনেক বাড়িয়ে দিয়েছে। তেমনি, তথ্য-প্রযুক্তির এ যুগে বিশ্ববাসীর সামনে ইসলামের সঠিক পরিচয় তুলে ধরারও প্রয়োজনীয়তা জরুরি। কারণ, মুসলিমদের দাবি, কেবল ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্ম।
লেখক আলোচ্য বইটিকে ১২টি অধ্যায়ে ভাগ করে বিষয়ভিত্তিক আলোচনা করেছেন। প্রথম অধ্যায়ে মানবজীবনে ধর্মের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী অধ্যায়গুলোতে হিন্দুধর্ম এবং ইসলামের গোড়ার কথা, উভয় ধর্মের মৌলিক উপাদান, ধর্মগ্রন্থ, স্রষ্টা সম্পর্কিত ধারণা, উপাসনা, উপাসনালয়, পরকালজ্ঞান, সমাজব্যবস্থা, নারী অধিকার এবং নৈতিকতার ওপর আলোকপাত করা হয়েছে। নারী অধিকার অধ্যায়ে বর্তমানের বহুল প্রচলিত সমস্যা : হিজাব, উত্তরাধিকার আইন, বহুবিবাহ, সমঅধিকার নিয়েও কয়েকটি ভুল ধারণার অপনোদন রয়েছে।
তবে বইটির অন্যতম বৈশিষ্ট হলো এতে হিন্দুধর্মের একটা ব্যাপার তুলে ধরার পর সেই একই বিষয়ে ইসলামের ধর্মবিশ্বাস ও রীতি কেমন—সেটাও তুলে ধরা হয়েছে; ফলে দুই ধর্মের চিত্র পাশাপাশি অনুধাবন করা যাবে খুব সহজেই। হিন্দুধর্মের কেউ এই গ্রন্থ পড়লে সহজেই ইসলাম ও হিন্দুধর্মের পারস্পরিক তুলনাটা ধরতে পারবেন। যারা দাওয়াতের উদ্দেশ্যে হিন্দুদের কোনো বই দিতে চান, তারা এটিকে সর্বাগ্রে রাখতে পারেন। এমনকি যে হিন্দুগণ ইসলামধর্মের সাথে নিজ ধর্মের তুলনামূলক পার্থক্যটা বুঝতে চান, তাদের জন্যও বইটি ভালো একটি সংগ্রহ হবে। আর যারা ওয়ায়েজ, লেখক, কন্টেন্ট রাইটার—সহজেই এক বই থেকে যাদের দরকার কোনো বিষয় সম্পর্কে সামগ্রিক রূপরেখা, তাদের জন্য এটি অপরিহার্য পাঠ্য।
মোদ্দাকথা এটি একটি গবেষণামূলক বই। লেখকের দীর্ঘদিনের গবেষণা, পড়াশোনা এবং পরিশ্রমের ফসল। মৌলিকত্বের দিক দিয়ে ও গদ্যের বিচারেও বইটি অনন্য। তুলনামূলক ধর্মতত্ব নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য হাইলি রেকোমেন্ডেড।
হিন্দুধর্মের ও ইসলামধর্মের তফাৎ এবং জানা-অজানা কথাগুলি জানতে অতি মূল্যবান এই বইটি সংগ্রহ করুন।
বই—হিন্দুধর্ম ও ইসলাম : জানা-অজানা কথা
লেখক—মুরতাহিন বিল্লাহ জাসির ফাযলি
প্রকাশক—রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা—২৭০
মুদ্রিত মূল্য—৩০০