07/08/2026
আমরা যারা অনলাইন ব্যবসা করি, আমাদের অনেককেই যেন ধরে নেওয়া হয় আমাদের কোনো পরিচয় নেই, যোগ্যতা নেই, পরিবার নেই, কোনো সম্মান নেই। তাই ইচ্ছেমতো গালিগালাজ করা যায়, ব্যবসার ক্ষতি করার চেষ্টা করা যায়, এমনকি আমাদের পরিবার, মা-বাবা ও নিষ্পাপ সন্তানদের নিয়েও নোংরা মন্তব্য করা যায়।
এ ধরনের আচরণ কোনোভাবেই স্বাভাবিক বা গ্রহণযোগ্য হতে পারে না। যারা ইচ্ছাকৃতভাবে হুমকি, অপমান, ব্ল্যাকমেইল বা মানসিক হয়রানির মাধ্যমে একজন উদ্যোক্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং এই ব্যাপারে সরকারের উচিত মনোনিবেশ করা। অন্যথায় এ ধরনের অপসংস্কৃতি আরও ছড়িয়ে পড়বে এবং অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিনিয়ত একই ধরনের হয়রানির শিকার হবেন।
একজন কাস্টমার ও একজন ব্যবসায়ীর সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং সৌজন্য। মতপার্থক্য বা কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু তার সমাধান কখনোই গালিগালাজ, ভয়ভীতি বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে হতে পারে না। অনলাইন ব্যবসার পরিবেশকে সুস্থ ও নিরাপদ রাখতে হলে এই বিষাক্ত মানসিকতার অবসান হওয়া জরুরি।