25/09/2022
--"শরীরটা বেশি ভালো না কিছুই রান্না করতে পারিনি।"
কথাটা শোনার পর আমার স্বামীর মুখটা কেমন শুকিয়ে গেলো। সারাদিন পর অফিস থেকে ফিরে এমন কথা শুনলে কারোই খুশি হওয়ার কথা না। সকালেও রান্না করতে পারিনি। নাজিম আবার বাইরের খাবার তেমন একটা খেতে পারে না। নাজিম আমার কথার কোনো জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলো।
নিজের কাছেই খারাপ লাগছে, মানুষটা সারাদিন কত কষ্ট করে, সকালে আমার জন্য বাইরে থেকে খাবার আনিয়ে দিয়ে গেছিলো। কিন্তু নিজে কিছুই খেতে পারেনি। আবার কিছুটা অভিমানও হচ্ছে বটে। কাল রাত থেকে প্রচন্ড জ্বর আমার, সকালে নাজিম অফিসে যাওয়ার সময়ও বেশ জ্বর ছিলো। শরীর ভালো না বলার পরও একবার আমার কাছে কিছু জানতে চাইলো না। আর কিছু না হোক কপালে হাত দিয়ে জ্বরের অবস্থা দেখতে পারতো। হয়তো ও-র নিজের চিন্তাই বড়। অবশ্য সারাদিন না খেয়ে কাজ করলে কারোই অন্যের প্রতি খেয়াল থাকার কথা না। আচ্ছা নিজের খারাপ লাগলে কি কারো কষ্টই চোখে পড়ে না?
একটু কষ্ট করে উঠে দাঁড়ালাম। দুপুরে ঔষধ খাওয়াতে জ্বর কিছুটা কমে এসেছে তবে শরীরে একদম বল পাচ্ছি না। নিজের কষ্টকে পাত্তা না দিয়ে রান্না বসালাম। খুব বেশি কিছু না। রাইস কুকারে ভাত আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। পেঁয়াজ মরিচ কুঁচি করে নিলাম।
প্লেটে গরম ভাত আর আলু ভর্তা ডিম ভর্তা সাজিয়ে রাখতেই নাজিম ঘরের ভিতর প্রবেশ করলো, সেই সাথে একজন অচেনা লোক। পোশাক দেখে মনে হচ্ছে ডাক্তার।
--" মিতা এদিকে এসো তো। "
নাজিমের ডাকে ওড়নাটা কপাল পর্যন্ত টেনে ওদের কাছে গেলাম। লোকটা সত্যিই ডাক্তার। প্রথমে আমার শরীরের তাপমাত্রা, প্রেশার চেক করলো, এরপর কিছু ঔষধ লিখে দিলেন। সেই সাথে একটু পুষ্টিকর খাবার খেতে আর বিশ্রাম নিতে বললেন।
নাজিম উনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আমার কাছে এসে বললো, " তুমি কি দুপুরে ঔষধ খেয়েছিলে? আমাকে একটু কল দিয়ে বলতে পারতে না যে তোমার শরীর ঠিক হয়নি। কি যে করো না তুমি! আচ্ছা তুমি বিশ্রাম নেও এখন। "
আমি নাজিমের হাত ধরে বললাম," বিশ্রাম পরে নিবো। আগে তুমি খেতে এসো তো। সকাল থেকে তো কিছুই খেতে পারোনি। মুখটা একদম শুকিয়ে গেছে। আমি আলু ভর্তা,ডিম ভর্তা ভাত রান্না করেছি। খুব ভালো খাবার না। আসলে শরীরটা ভালো লাগছে না।"
নাজিম আর কিছু না বলে খেতে বসলো। কিন্তু খেতে পারছে না। ও-র চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। দূরে দাঁড়িয়ে আমিও নিজের চোখে অশ্রুর উপস্থিতি বুঝতে পারছি। এটা মোটেও কষ্টের কান্না না। বরং সুখের কান্না। এটাই বুঝি সংসারের নিয়ম।
সংসার
ফারহানা_কবীর_মানাল