07/08/2026
আপনারা সবাই জানেন, ডিজাইন ইন্টিগ্রিটির জব প্রিপারেশন বই এর আগে একবার হাতে লিখে বই আকারে কপি করা হয়েছিল। যারা বিষয়টি জানেন না, তারা নিচের লিঙ্কে গিয়ে বিস্তারিত পড়ে আসতে পারেন। (https://www.facebook.com/share/p/1GMrebnsh5/)
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সম্প্রতি Ready Mix Job Care নামক একটি অনলাইন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ECENTRICITY TO EXCELLENCE বইয়ে ডিজাইন ইন্টিগ্রিটির জব প্রিপারেশন বইয়ের উল্লেখযোগ্য অংশ অননুমোদিতভাবে ব্যবহার করা হয়েছে বলে আমাদের নজরে এসেছে।
নিচে দুটি বই পাশাপাশি রেখে একই ম্যাথের কিছু নমুনা দেওয়া হলো। এগুলো শুধুমাত্র Sample। এরকম আরও অনেক ম্যাথ ও বিষয়বস্তু রয়েছে, যা দুটি বই পাশাপাশি তুলনা করলে সহজেই বোঝা যাবে। যাদের কাছে দুটি বই-ই আছে, তারা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবেন। আর যাদের কাছে বই দুটি নেই, তাদের জন্য নিচের নমুনাগুলো দেওয়া হলো।
একজন লেখকের কাছে তাঁর বই সন্তানের মতো। একটি বই তৈরি করতে বছরের পর বছর পরিশ্রম, গবেষণা, মেধা ও সৃজনশীলতা বিনিয়োগ করতে হয়। ডিজাইন ইন্টিগ্রিটির এই জব প্রিপারেশন বইটিও আমার ৮ - ৯ বছরের নিরলস পরিশ্রমের ফল। তাই এর বিষয়বস্তু অনুমতি ছাড়া ব্যবহার করা একজন লেখকের জন্য অত্যন্ত কষ্টদায়ক।
দেখুন, যেকোনো ম্যাথের সূত্র একই হতে পারে। সে ক্ষেত্রে সমাধানও অনেকাংশে একই হওয়া স্বাভাবিক, এটি সবাই বোঝেন। কিন্তু প্রত্যেক লেখকের নিজস্ব একটি স্টাইল, প্যাটার্ন, ভাষা, ধাপ, নোটেশন এবং উপস্থাপনার ধরন থাকে, যা তাঁর লেখায় প্রতিফলিত হয়। আমার বইগুলো যারা পড়েছেন, তারা আমার লেখার নিজস্ব স্টাইল সম্পর্কে জানেন।
কিন্তু যখন দুটি বইয়ের ম্যাথের সমাধান লাইন বাই লাইন, দাঁড়ি-কমা, Arrow Sign, ভাষা, উপস্থাপনার ধরণ, এমনকি একই ভুল-ত্রুটিসহ মিলে যায়, তখন সেটিকে কি কাকতালীয় বলা যায়? অবশ্যই নয়। উদাহরণ হিসেবে বলা যায়, পাঁচজন ছাত্রকে যদি একটি কলামের Design Load নির্ণয় করতে বলা হয়, তাহলে সবাই একই সূত্র ব্যবহার করবে। কিন্তু তাদের উপস্থাপনা, ভাষা, ধাপ এবং ভুল-ত্রুটি কখনোই হুবহু এক হবে না। একজনের সমাধান অন্যজনের সঙ্গে শব্দে শব্দে মিলবে না।
ECENTRICITY TO EXCELLENCE এর পরবর্তী সংস্করণে হয়তো ম্যাথের সিরিয়াল পরিবর্তন করা হবে অথবা মিল থাকা অংশগুলো সংশোধন করা হবে। কিন্তু বর্তমান সংস্করণে প্রকাশিত বিষয়বস্তু ইতোমধ্যেই বাস্তবতা তুলে ধরেছে। আমার বইয়ের পাঠকরা বিষয়টি জানতে পারলেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যথায় নতুন জবপ্রত্যাশী ভাই-বোনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারত এবং তারা উল্টো ধারণা করতে পারতেন যে আমরাই অন্যের বই অনুসরণ করেছি।
আপনারা বই লিখেছেন, এটি অবশ্যই প্রশংসনীয়। নতুন বই প্রকাশ ও জ্ঞানচর্চা সবসময়ই স্বাগত। কিন্তু অন্য একজন লেখকের উপস্থাপনা ও বিষয়বস্তু অনুমতি ছাড়া হুবহু ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে মৌলিকতা, সৃজনশীলতা এবং লেখকসত্তার পরিচয় প্রশ্নবিদ্ধ হয়। অতএব, অনতিবিলম্বে উক্ত বইটির প্রচারণা ও বিক্রয় বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় প্রচলিত কপিরাইট আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।