17/10/2022
বাংলাদেশকে পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নিতে সফররত ব্রুনাইয়ের অর্থমন্ত্রীকে আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। রাজধানীর একটি হোটেলে গতকাল দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর, ১০০টি অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক, ট্যুরিজম পার্ক, নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, এলএনজি টার্মিনালসহ পুরো দেশকে সড়ক ও রেলপথে সংযুক্ত করার প্রকল্প চলছে। বাংলাদেশের বর্তমান অগ্রগতির চিত্র অতীতের তুলনায় অনেক ভিন্ন।
হালাল খাবার, খাদ্য প্রক্রিয়াকরণ, আইসিটি, প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল, জাহাজ নির্মাণ, পর্যটন, অবকাঠামো উন্নয়ন, পেট্রোলিয়াম, জ্বালানি খাতে দুদেশের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ককে উন্নত করার বিপুল সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আরো ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৈঠকে ব্রুনাইয়ের অর্থমন্ত্রী দাতো ড. আওয়াং তার দেশকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহারের জন্য আহ্বান জানান। তিনি বলেন, ব্রুনাইয়ের বন্দর ব্যবহার করলে চীনের সঙ্গে দূরত্ব অনেক কমবে। এতে খরচ ও সময় সাশ্রয় করা সম্ভব হবে। এ সময় বাংলাদেশী কর্মীদের প্রশংসা করেন ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাতো আহমাদ দিন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের বিদেশী বিনিয়োগবান্ধব নীতিমালার কারণে বাংলাদেশ এখন বৈশ্বিক উদ্যোক্তাদের জন্য সবচেয়ে আদর্শ গন্তব্য। এদেশে কারখানা স্থাপনের মাধ্যমে সাড়ে ১৬ কোটি মানুষের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি চীন-ভারতের ২৭০ কোটি মানুষের বাজারও ধরা যাবে। কারণ দুটি দেশেই বেশির ভাগ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ।
বাংলাদেশকে পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নিতে সফররত ব্রুনাইয়ের অর্থমন্ত্রীকে আহ্বান জানিয়ে.....