04/04/2026
• তাফসির গ্রন্থসমূহের সংক্ষিপ্ত রিভিউ:
কুরআনুল কারীমের সঠিক মর্মবাণী অনুধাবনের জন্য তাফসির গ্রন্থের গুরুত্ব অপরিসীম। প্রতিটি তাফসিরই নিজস্ব পদ্ধতি, বৈশিষ্ট্য ও ইলমি গভীরতার মাধ্যমে কুরআনের ব্যাখ্যায় স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। আমার ব্যক্তিগত সংগ্রহে থাকা কয়েকটি উল্লেখযোগ্য তাফসির গ্রন্থের সংক্ষিপ্ত পর্যালোচনা:
১. মা'আরিফুল কুরআন (আল্লামা ইদরীস কান্ধলভী রহ.) :- এটি কেবল একটি তাফসির গ্রন্থ নয়, বরং এক সমৃদ্ধ ইলমি ভাণ্ডার। গ্রন্থটি বিশদ, গবেষণাধর্মী এবং গভীর বিশ্লেষণসমৃদ্ধ। আয়াতের শান-এ-নুযূল, ফিকহি দিকনির্দেশনা এবং প্রাসঙ্গিক আলোচনা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। আল্লামা ইদরীস কান্ধলভী (রহ.) একজন প্রথিতযশা মুহাদ্দিস ও শাইখুত তাফসির হিসেবে কুরআনের আয়াতের সাথে সুন্নাহ ও সিরাতের গভীর সমন্বয় সাধন করেছেন। বিশেষভাবে বালাগাত (অলঙ্কারশাস্ত্র), আকিদা এবং ইলমি সূক্ষ্ম বিষয়গুলোর বিশ্লেষণ এই গ্রন্থকে অনন্য মর্যাদা দিয়েছে। কুরআনের আয়াতের অন্তর্নিহিত গভীরতা, যুক্তি ও দালিলিক দিক অনুধাবনের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য গবেষণামূলক দলিল।
২. কুরআনুল কারীম (অনুবাদ ও ব্যাখ্যা) :-বাংলাভাষী মুসলিম সমাজে এটি অন্যতম গ্রহণযোগ্য ও জনপ্রিয় তাফসির। মুফতি মুহাম্মদ শফি (রহ.) এর “মা'আরিফুল কুরআন” এর পরিমার্জিত ও সহজবোধ্য সংক্ষিপ্ত রূপ হিসেবে এটি রচিত। মাওলানা মহিউদ্দিন খান (রহ.)-এর প্রাঞ্জল ও সাবলীল অনুবাদ গ্রন্থটিকে সাধারণ পাঠকের জন্য অত্যন্ত সহজলভ্য করে তুলেছে। এর অন্যতম বৈশিষ্ট্য হলো ‘মাআরিফ ও মাসায়েল’ অংশ, যেখানে প্রতিটি আয়াত থেকে জীবনঘনিষ্ঠ শিক্ষা ও মাসআলা সংক্ষিপ্ত ও সুসংগঠিতভাবে উপস্থাপন করা হয়েছে। হানাফি ফিকহের প্রভাব এখানে সুস্পষ্ট, এবং দৈনন্দিন জীবনে কুরআনের নির্দেশনা বুঝতে এটি অত্যন্ত সহায়ক।
৩. তাফসিরে হেদায়াতুল কুরআন (মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ.) :- মুফতি পালনপুরী (রহ.) তাঁর সুসংগঠিত দারস ও গভীর ইলমি বিশ্লেষণের জন্য সুপরিচিত ছিলেন। এই তাফসিরে তিনি কুরআনের ‘নজম' অর্থাৎ আয়াত ও সূরার পারস্পরিক সম্পর্ক ও ধারাবাহিকতা অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস হিসেবে তিনি ইলমের এক বিশাল ভাণ্ডার ছিলেন। প্রচলিত রয়েছে, এক বরকতময় স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুপ্রেরণায় তিনি এই তাফসির রচনায় উদ্বুদ্ধ হন, যা গ্রন্থটির প্রতি এক বিশেষ আধ্যাত্মিক মাত্রা যোগ করেছে। এই তাফসিরে আয়াতের শাব্দিক অনুবাদ, কঠিন শব্দের বিশ্লেষণ এবং আয়াতগুলোর পারস্পরিক সম্পর্ক অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ফিকহি মাসআলা, ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষত তালিবে ইলমদের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি গ্রন্থ।
৪. সাফওয়াতুত তাফাসীর (আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী রহ.) :- আল্লামা সাবুনী (রহ.) প্রাচীন ও সুবিশাল তাফসিরসমূহ যেমন তাবারী, ইবনে কাসীর ও কুরতুবী এর মূল বক্তব্যগুলো অত্যন্ত দক্ষতার সাথে সংকলন করে এই গ্রন্থটি রচনা করেছেন। যারা স্বল্প সময়ে একাধিক ক্লাসিক্যাল তাফসিরের নির্যাস লাভের জন্য এটি একটি অসাধারণ কাজ। এর ভাষা সহজ, উপস্থাপনা আকর্ষণীয় এবং ব্যাখ্যা সুস্পষ্ট। বিশেষভাবে আয়াতের ভাষাগত দিক, অলঙ্কারিক সৌন্দর্য, শব্দার্থ বিশ্লেষণ এবং বিধান নির্ণয়ের পদ্ধতি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এ কারণে আলেম সমাজে এটি ব্যাপকভাবে সমাদৃত ও জনপ্রিয়।