09/07/2020
ফেসবুক পেইজ মার্কেটিং এর খুঁটিনাটি জেনে নিই আজ!
অনেকেই হয়ত লক্ষ্য করে থাকবেন, আপনার ফেসবুক পেজটি আগের মত এখন আর প্রচার প্রসার হচ্ছে না। হয়ত আপনার কাছে এমন অভিযোগও এসেছে, যে ভক্তরা হোমপেজে পাচ্ছে না আপনার পেজের পোস্ট। অথচ আপনি কিন্তু পেজ থেকে প্রতিনিয়তই নিত্যনতুন পোস্ট দিয়ে যাচ্ছেন। ফেসবুকে টাকা খরচ করে অ্যাড দিয়েও ফল পাচ্ছেন না। তাহলে সমস্যাটা কোথায়?
২০১৯ সালে ফেসবুক তাদের অ্যালগরিদমে কিছুটা পরিবর্তন আনে। এর কারণে আপনার পেজের কোন পোস্ট আপনি যদি টাকা খরচ করে প্রমোট না করে থাকেন, তবে আপনার ভক্তদের প্রতি ১০০ জনে মাত্র ১৬ জন আপনার পোস্ট দেখবে। কষ্টের ব্যাপার হল বিগত কয়েক মাসে এর হার আরও কমে এখন মাত্র ৫ শতাংশে এসে ঠেকেছে।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। ফেসবুক তাদের অ্যাডের ব্যবসা লাভজনক করতে উঠেপড়ে লেগেছে। টাকা দিয়ে অ্যাড না কিনলে এখন পোস্টের প্রচার প্রসার হয়ে গেছে দুঃসাধ্য। কিন্তু এখানেও রয়েছে একটা সমস্যা। নতুন নিয়মে আপনার পেজের ভক্তসংখ্যা ৪০০ হওয়ার আগ পর্যন্ত আপনি এই প্রচারসুবিধাটি নিতে পারবেন না। অতএব, আপনাকে প্রথমে পেজের ভক্ত বাড়ানোর জন্য খরচ করতে হবে, তারপর আবার তাদের কাছে পোস্ট পৌঁছে দেওয়ার জন্য পুনরায় খরচ করা লাগবে।
যেসব বড় প্রতিষ্ঠানের ফ্যানবেজ অনেক বড়, তাদের জন্য ব্যাপারটি সুবিধাজনক হলেও, স্বল্পসংখ্যক ফ্যানবেজ সমৃদ্ধ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ফেসবুকের এই অ্যাড কতটা লাভজনক, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
তাই নিজের বাজেট ঠিকভাবে বণ্টন করা লাগবে। আপনি যতটুকু প্রচার প্রসারের আশায় ফেসবুকে বিনিয়োগ করছেন সেটার আশানুরূপ ফলাফল নাই আসতে পারে। তাহলে কি ফেসবুক মার্কেটিং থেকে ভালো কিছু সম্ভব নয়?
না, সেটা ভাবাটা আসলে ভুল। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ফেসবুকে মার্কেটিং থেকেও আপনাকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য!