15/01/2024
একজন সাহাবী ইন্তেকালের পূর্বে তাঁর সমস্ত সম্পদ দান করতে চাইলেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ তাঁকে নিষেধ করেন।
সেই সাহাবী বললেন, “তাহলে অর্ধেক দান করি?”
রাসূলুল্লাহ ﷺ বললেন, “না।”
সাহাবী জিজ্ঞেস করলেন, “তাহলে তিন ভাগের এক ভাগ?”
এবার রাসূলুল্লাহ ﷺ বললেন, “হ্যাঁ, এক-তৃতীয়াংশ করতে পারো; যদিও এক-তৃতীয়াংশ অনেক বেশি।”
রাসূলুল্লাহ ﷺ প্রথমে তাঁকে পুরো সম্পত্তি, তারপর অর্ধেক সম্পত্তি দান করতে নিষেধ করলেন কেনো?
এর কারণটা তিনি বুঝিয়ে বলেন, “মানুষের কাছে হাত পেতে পেতে ফিরবে –ওয়ারিশদের এরকম ফকীর অবস্থায় ছেড়ে যাওয়ার চেয়ে তাদেরকে বিত্তবান অবস্থায় রেখে যাওয়া উত্তম।”
অর্থাৎ, সেই সাহাবী ইন্তেকালের পর দেখা যাবে তাঁর পরিবারের ভরণ-পোষণের ব্যবস্থা নেই, তারা মানুষের কাছে হাত পাতবে। তারচেয়ে তাদের জন্য কিছু রেখে যাওয়াই উত্তম। সেই সাহাবীর ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ পরামর্শ দেন অন্তত ৬৬.৬% পরিবারের জন্য রেখে যেতে।
সাহাবী চেয়েছিলেন পুরোটাই দান করতে, রাসূলুল্লাহ বললেন ৩ ভাগের ১ ভাগ দান করতে। তাহলে তাঁর ইন্তেকালের পর বাকি ২ ভাগ পরিবার ‘ভোগ’ করবে। তিনি কি দানের সওয়াব থেকে বঞ্চিত হবেন?
না, রাসূলুল্লাহ ﷺ তাঁকে এই ব্যাপারেও আশ্বস্ত করে বলেন- “আর যা-ই তুমি খরচ করবে, তা-ই তোমার জন্য সদকা হবে। এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে, সেটাও।”
তারমানে, সেই সাহাবীর ইচ্ছেপূরণও হয়ে গেলো। তাঁর পুরো সম্পত্তি দান করার সওয়াব তিনি পাবেন!
সেই সাহাবী ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু।
(তথ্যসূত্র- সহীহ বুখারী: ৫৩৫৪)
লেখক 'আরিফুল ইসলাম' ভাইয়ের ওয়াল থেকে
© Wafilife_telegram