04/04/2024
মসজিদে নামাজে দাঁড়িয়েই প্রথমে পাশের জনের পায়ের সাথে মিলিয়ে কাতার সোজা করে নিই। একদিন পা মিলাতে গিয়ে দেখি আমার ডান পায়ের পাশে কোন পা নেই। অবাক হয়ে দেখি আমার পাশের ভদ্রলোক এক পা নিয়ে জামাতে দাঁড়িয়েছেন। তার বাম পা কোমর থেকে কাটা। সুবাহানাল্লাহ! আল্লাহু আকবর!
জামাআতে সামনের কাতারে অনেকেই বয়সের ভারে চেয়ারে বসে নামাজ পড়ে আর ইনি এক পা নিয়েও দাঁড়িয়ে আছেন। কত কষ্ট করে এই মানুষটি নামাজ পড়ছে। তার তাকওয়া দেখে, এই ভয়ংকর অঙ্গহানির পরও মহান আল্লাহ্র প্রতি তার কৃতজ্ঞতাবোধ দেখে মনটা এতটুকু হয়ে গেল।
আরেকদিন অন্য মসজিদে নামাজ পড়ছি দেখি আমার পাশের জন কেমন জানি বাঁকা হয়ে দাঁড়িয়েছে। কাতার থেকে একরকম বেরিয়ে গিয়ে নামাজ পড়ছে। খুব বিরক্ত লাগছিল দেখে। কিন্তু সালাম ফিরিয়ে দেখলাম ছেলেটা অন্ধ। কৃতজ্ঞতায় মনটা ছোট হয়ে গেল।
এই মানুষগুলো আমাদের মত সুস্থ নয়। আল্লাহ এদেরকে অনেক কিছু দেননি যা আমাদের দিয়েছেন। কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই। আল্লাহ্র বিচারকে প্রশ্নবাণে জর্জরিত করার মত অনেক যুক্তি এদের কাছে আছে। কিন্তু অভিযোগ না করে সেই মহান রবের প্রশংসায় সিজদাবনত হতে দেখে এত ভাল লাগে।
আলহামদুলিল্লাহ্ আমার দুইটা পা আছে। আলহামদুলিল্লাহ্ আমি দুই পায়ে ভর দিয়ে নামাজে দাঁড়াতে পারি। আলহামদুলিল্লাহ্ আমার এক জোড়া জুতা। আলহামদুলিল্লাহ্ আমি দোকান থেকে পছন্দ করে বেছে বেছে পায়ের মাপে স্যান্ডেল কিনতে পারি। আলহামদুলিল্লাহ্ আমি দুই পা ভাঁজ করে আরামে বসতে পারি। আমার দুইটা চোখ দিয়ে এই সুন্দর পৃথিবী দেখতে পারি। আলহামদুলিল্লাহ্।
আপনি কেন মহান আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ হবেন না? কৃতজ্ঞতা starts from here my dear brothers. এখান থেকে কৃতজ্ঞতায় আপনার বুকটা ভরে যাওয়া উচিত। সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেওয়া উচিত!