11/08/2020
শিবগঞ্জের আদি চমচম।
শিবগঞ্জের দেড়শ' বছরের ঐতিহ্যের ধারক, পৃথিবীর সেরা চমচম।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের আদি চমচমের ইতিহাস বাংলার নবাবি আমলের। শিবগঞ্জের আদি চমচম এ জেলার দেড়শ’ বছরের ঐতিহ্যের ধারক। প্রাচীন বাংলার রাজধানী গৌড় তথা অবিভক্ত ভারতের মালদহ জেলার থানা ছিল শিবগঞ্জ। সে সময় এ অঞ্চলে ছিল অনেক ময়রার বসবাস। দেশভাগের পর অনেকে মালদহে চলে গেলেও বেশকিছু পরিবার থেকে যায় শিবগঞ্জে। সেই সময় থেকে শুরু করে তারা এখনো পৈতৃক এ পেশা ধরে রেখেছেন।
এই চমচমের নাম শুনলেই জিভে পানি চলে আসে। নানা আকারের সুস্বাদু চমচমের বৈশিষ্ট্য হচ্ছে চমৎকার ডিজাইন আর কড়া মিষ্টির আবরণের ভেতর গোলাপি আভাযুক্ত নরম অংশ। ঐতিহ্যবাহী এ চমচম পাওয়া যায় কেবল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর শহরের তিনটি দোকানে। অতুলনীয় স্বাদ, গন্ধ আর বর্ণের সংমিশ্রণে পোড়ানো ইটের মতো রঙ আদি চমচমের।
১৮৫৮ সালের দিকে শিবগঞ্জ বাজারে ‘আদি চমচমের’ আবির্ভাব ঘটান স্থানীয় নরেন্দ্র কুমার সরকার। তার মিষ্টির খ্যাতি ছড়িয়ে পড়ে সোনামসজিদ, কানসাট ছাড়িয়ে তৎকালীন মহকুমা শহর চাঁপাইনবাবগঞ্জে। তার মৃত্যুর পর এ ব্যবসার হাল ধরেন তার দুই ছেলে তাবল সরকার এবং ইন্দ্রভূষণ সরকার। বর্তমানে তিনপুরুষের আদি চমচমের ব্যবসায় চালাচ্ছেন ইন্দ্রভূষণ সরকার ছাড়াও তাবল সরকারের ছেলে অরুণ কুমার সরকার এবং অপর ভাই বিজয় কুমার সরকারের ছেলে রিপন কুমার সরকার। শিবগঞ্জ বাজারে পাশাপাশি তিনটি আদি চমচমের দোকান। আদি চমচম, আসল আদি চমচম ও নিউ আদি চমচম। তিনটি দোকানকে কেন্দ্র করেই বিখ্যাত মিষ্টি শিল্প হিসেবে গড়ে উঠেছে।
গরুর খাঁটি দুধের ছানা ছাড়া আদি চমচম তৈরি অকল্পনীয়। এছাড়া যে কেউ ইচ্ছা করলেই আদি চমচম তৈরি করতে পারে না। এ চমচম তৈরির সঙ্গে এ অঞ্চলের আবহাওয়া ও পানির বিশেষ বৈশিষ্ট্য জড়িত রয়েছে। এর আগে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি তৈরির কারিগররা এই আদি চমচম তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। সুস্বাদু আদি চমচম তৈরির জন্য একমাত্র শিবগঞ্জের পানি ও আবহাওয়াই উপযোগী।
আদি চমচমের মূল বিশেষত্ব হচ্ছে কড়া পাকে বিশেষ কায়দায় ছানা, মেওয়া ও চিনির সমন্বয়ে তৈরি মিষ্টি। অস্থিরচিত্তে বা আনমনে থাকলে কখনোই আদি চমচম তৈরি করা সম্ভয় নয়। মাপমতো চুলার আগুনের তাপ দিয়ে আদি চমচমের বৈশিষ্ট্য ধরে রাখতে হয়। চিনি সিরা (রস) তৈরিতেও বিশেষভাবে নজর রাখতে হয়।আগুনের তাপের তারতম্য হলে স্বাদ-গন্ধ-বর্ণে আদি চমচমের স্বকীয়তা নষ্ট হয়ে যায়। এ অঞ্চলের আদি চমচম তৈরির প্রসিদ্ধ কারিগর ছিলেন ভাদু সাহা। তার হাতের তৈরি মিষ্টি ছিল অতুলনীয়। তিনি প্রায় আধামণ ওজনের আদি চমচমও তৈরি করতে পারতেন।স্বাধীনতা-উত্তর চাঁপাইনবাবগঞ্জ শহরের স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রদর্শনীতে তার তৈরি বিশাল এ আদি চমচম প্রদর্শিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের মিষ্টান্ন ভান্ডাররগুলোতে সুস্বাদু ও আকারে বড় ধরনের মিষ্টি তৈরি হয়। যার কথা শুনলে অনেকে অবাক হতে পারেন। শিবগঞ্জের মিষ্টির জনক নরেন শাহ দেশ বিভাগ তথা ’৪৭ সালের আগে পরলোকে গেছেন। এ ছাড়া ১৯৭১ সালের পর প্রধান ৪ জন কারিগর তবল শাহ, মদন শাহ, বিজয় শাহ এবং তিনকড়ি শাহ পরলোকগমন করলেও তাদের অনেক শিষ্য ও বংশধর এখনও জীবিত। তারা মিষ্টি তৈরি করে থাকেন।
সংশ্লিষ্ট এলাকার সচেতন প্রবীণ ব্যক্তিদের মুখে শোনা যায়, এক সময় এই আদি চমচমের আকার ছিল ৪০ সের বা এক মণ পর্যন্ত। ক্রেতার অর্ডার পেলে সেগুলো তৈরি করা হতো। এগুলো দেশের বিভিন্ন জেলাসহ বিদেশে বাংলাদেশের প্রবাসীরা রফতানি করেছে। মাঝে মধ্যে এ দেশের নেতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার দেয়া হতো। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের পক্ষ থেকে ৩৫ সের ওজনের ১টি চমচম উপহার দেয়া হয়েছিল।
শিবগঞ্জের সেই বিখ্যাত আসল আদি চমচম এখন থেকে পাবেন "Gunja Food" এ। ঘরে বসেই আসল আদি চমচমের স্বাদ নিতে চাইলে আজই অর্ডার করুন। অর্ডার করতে আমাদের পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন 01911850828