23/04/2021
লিখেছেন : জিবরান
The Empty Man (2020)
হরর-মিস্ট্রি-থ্রিলার, মাথানষ্ট টুইস্টওয়ালা ফিল্ম পছন্দ করলে The Empty Man এর লম্বা শোয়া দুই ঘন্টার জার্নি সার্থক। জনপ্রিয় ইউটিউব রিভিউয়ার ক্রিস স্টাকম্যান রিভিউ দেয়ার পর থেকেই মুভিটা নিয়ে অনেকে কথা বলা শুরু করেছে। ২০২০ এ 20th century fox এর মুভি হওয়া সত্ত্বেও মুভিটা সবার চোখের আড়ালে থেকে যায়। ফক্স/ডিজনি ওরা মুভির ১৩৬ মিনিট ছেড়ে বাজে প্রতিক্রিয়া পায়। এরপর দৈর্ঘ্য কেটে ৯০ মিনিটে এনে ছাড়ার পর আরো বাজে প্রতিক্রিয়া পায়।
slender man, hollow man এর মতো হতচ্ছাড়া হরর ভেবে এড়িয়ে গেলে দারুণ মিস করতাম। স্টাকম্যানকে আবারো ধন্যবাদ। দেখার পর আমারও মনে হচ্ছে এটা Candyman এর মতো কাল্ট ক্লাসিক হয়ে যাবে। অথচ ঠিকঠাক প্রচারণা পেলে Hereditary, Invisible man এর মতো সাড়া ফেলতে পারতো মুভিটা।
ওপেনিং ক্রেডিটই আসে ২০ মিনিট লম্বা শুরুর ঘটনার পর। একদল ছেলেমেয়ে হাইকিং করতে গিয়ে অদ্ভুত এক রহস্যজনক অস্তিত্বের সম্মুখীন হয়। তাদের কেউই মূল চরিত্র নয়, মূলে এক নিঃসঙ্গ ডিটেক্টিভ, হারিয়ে যাওয়া টিনেজারদের কেইস সলভ করার চেষ্টা করছে। তার পেছনের গল্প, চরিত্রায়ন কোথাও যেন খানিকটা অফ লাগছিল শুরু থেকেই। অ্যাটমোস্ফিয়ার, মুড, fear of the unknown পুরো জার্নিটা যেন The Mothman Prophecies কে মনে করাচ্ছিলো। অদেখা মন্সটার, মিথলজি, আর্বান লেজেন্ড - গ্রাউন্ডব্রেকিং না হলেও হরর-মিস্ট্রি-থ্রিলার টেমপ্লেটের জন্য যথার্থ।
ডেভিড ফিঞ্চারের ছত্রছায়ায় বেড়ে ওঠা পরিচালক ডেভিড প্রায়র ২০০৪ থেকেই ফিঞ্চারের মুভিগুলোর প্রোডাকশান ডকুমেন্টারিয়ান হিসেবে হাত পাকিয়েছেন, তার ২০০৮ এর শর্ট ফিল্ম Am1200 দেখে ফিঞ্চার বলেছিলেন,
“হলিউডে নিজের নাম বানাতে হলে প্রায়রের শর্ট ফিল্মটার কাছাকাছি কিছু বানাতে পারেন কিনা দেখেন।”
প্রায়রের লেখনী, পরিচালনা, এম্পটি ম্যানের কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি সবখানেই ফিঞ্চারের অনুপ্রেরণা প্রবল। প্রোডাকশানেও খরচের ছাপ স্পষ্ট। অথচ বক্স অফিসে পাত্তা নেই। কোন ওটিটিতেও আসেনি সম্ভবত। এসব শুনে প্রত্যাশা আকাশচুম্বী যাতে না করেন, তাই বলে রাখি এটা পার্ফেক্ট ফিল্ম না, দৈর্ঘ্য হয়ত আরও কমানো যেত, হরর ফিল্মে এত সময়ক্ষেপণের ইচ্ছা সবারই কম। তবে…
শাটার আইল্যান্ড এর মতো মুডি মিস্ট্রি থ্রিলারের প্রত্যাশা নিয়ে দেখলে ১৩৬ মিনিট হতাশ করবে না। বরং রহস্য খোলাসা হলে মনে হবে আবার দেখা দরকার। কারণ টুইস্ট থ্রিলারের মতো এখানেও যত্রতত্র ক্লু ছড়ানো আছে। তাই যারা ভালো জাতের হরর-মিস্ট্রি-থ্রিলার, অস্পষ্ট সমাপ্তি পছন্দ করেন, এই মুভি তাদের জন্য।
যারা জাম্প স্কেয়ার, রক্তারক্তি পছন্দ করেন এটা তাদের জন্য না। যদিও ১টা দারুণ জাম্প স্কেয়ার আছে, জঙ্গলে একটা অসাধারণ দৃশ্য আছে, যা সহজেই আমার দেখা সবচেয়ে ভয়ংকর দৃশ্যগুলোর একটা। আবহ সঙ্গিত, শব্দ নিয়ন্ত্রণও ফাটাফাটি পর্যায়ের। সবমিলিয়ে খুবই দক্ষ হাতের কাজ। হয়ত হেরাডিটারি, ইনভিজিবল ম্যানের মতো মাস্টারপিস না, তবে মোটেই ওভারলুকড হওয়া ডিজার্ভ করে না।
রটেন টোম্যাটোজে: ৫৯%, ৩৯% ইতিবাচক (সমালোচক, দর্শক)
মেটাক্রিটিক স্কোরঃ ৫৭/১০০ ( ৬০ হলেই মাস্ট ওয়াচ লেভেলে ধরা হয়)
আয়োজন করে বড় পর্দায় দেখার মতো ছবি।
আমার গ্রেডিংঃ B