13/09/2026
নিজেকে কোনো দিক থেকেই জান্নাতের যোগ্য মনে হয় না। নিজের গুনাহগুলোর কথা মনে হলে, ইবাদতের অপূর্ণতা দেখলে, নিয়তের ভেতরের অসুখগুলো টের পেলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। মনে হয়, এত সুন্দর জান্নাত! এত সম্মানিত, চিরস্থায়ী সুখের জায়গা! সেখানে যাওয়ার মতো কী করেছি আমি?
আর যখন মজলুম ভাই-বোনদের কথা মনে পড়ে, তখন তো ভীষণ এক ভয় চারপাশ থেকে আমাকে ঘিরে ধরে। ভাবি, তাঁরা যে জান্নাতে থাকবেন, সেই জান্নাতে আমিও থাকব? কীভাবে সম্ভব? তাঁদের মতো কষ্ট তো আমি সহ্য করিনি, তাঁদের মতো ত্যাগও করিনি! তাঁদের মতো আমলও আমার নেই। আমি তো কতটা পিছিয়ে। কত অপূর্ণ। কত ব্যর্থ!
ঠিক তখনই রাসূলুল্লাহ ﷺ-এর একটি কথা মনে পড়ে আমার। তিনি বলেছেন, শুধু নিজের আমলের জোরে কেউ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, “আপনিও না, ইয়া রাসূলাল্লাহ?” তিনি বলেছিলেন, “আমিও না! যদি না আল্লাহ আমাকে তাঁর অনুগ্রহ ও রহমত দিয়ে আচ্ছাদিত করেন।”
সুবহানআল্লাহ! তখন আমার এই ছোট্ট হৃদয়ে আবার আশা জাগে। আমি কখনোই আমার আমলের যোগ্যতায় জান্নাত চাইবো না, বরং আমি আমার রবের রহমতের ভিখারি হয়ে জান্নাত চাই। আমার আমল অসম্পূর্ণ, কিন্তু আমার রবের রহমত তো সম্পূর্ণ! আমি গুনাহগার, কিন্তু আমার রব তো আল-গফূর, পরম ক্ষমাশীল। আমি বারবার ভুল করি, কিন্তু তিনি তো তাঁর দিকে ফিরে আসা বান্দাকেই বারবার ক্ষমা করেন।
(বইটি প্রকাশিত হবে ২০ তারিখের পর ইন শা আল্লাহ।)