13/12/2023
বাড়ির অন্দরের রং এবং অন্দরসজ্জার সঙ্গে মিলিয়ে এখন তৈরি হচ্ছে নানা রঙের আসবাব। এর মধ্যে সাদা রঙের আবেদনই যেন বেশি। যেকোনো রং এবং যেকোনো ধরনের অন্দরসজ্জার সঙ্গে মিলে যায় সাদা আসবাব। সাদা রঙের এসব ফার্নিচার সাধারণত কাঠ বা বোর্ডের ওপর রং করা হয়। একে বলে ডকু করা। সাদা আসবাব অন্দরে সহজেই স্নিগ্ধ ভাব ফুটিয়ে তুলতে পারে। কিন্তু সাদা রং সহজেই ময়লা হয়ে যায়। তাই এসব আসবাবের জন্য প্রয়োজন বিশেষ যত্ন এবং রক্ষণাবেক্ষণ।
👉তো চলুন কিছু টিপস জেনে নেয়া যাক👈
🎯 সাদা আসবাবে প্রতি মাসে নিতে হবে বিশেষ যত্ন। এক কাপ সাদা ভিনেগারের সঙ্গে দুই কাপ কুসুম গরম পানি মিশিয়ে নিতে হবে। এই পানিতে পরিষ্কার পাতলা কাপড় ভিজিয়ে পুরো ফার্নিচার মুছে নিতে হবে।
🎯 ডকু করা আসবাব কখনোই তারপিন বা কেরোসিনজাতীয় তেলের সংস্পর্শে আনা যাবে না।
🎯 যদি সাদা আসবাবে কলমের দাগ পড়ে তাহলে কিছুক্ষণ টুথপেস্ট দিয়ে রাখুন। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। দাগ উঠে যাবে।
🎯 সাদা আসবাবে অনেক সময় শেওলা পড়ে কালো দাগ পড়ে যায়। সাদা ভিনেগার দিয়ে মুছে নিলে এই দাগ দূর হয়ে যাবে।
🎯 আমাদের দেশের আবহাওয়া এবং অতিরিক্ত ধুলাবালুর কারণে সাদা আসবাব ময়লা হবেই। তাই খুব বেশি ময়লা বা রং নষ্ট হয়ে গেলে আবার রং করিয়ে নিন। শখের আসবাব আবার নতুনের মতো চকচকে হয়ে উঠবে।
🎯 সাদা আসবাব পরিষ্কার রাখতে তৈরি করতে পারেন একটি ‘ইমার্জেন্সি ক্লিনিং কিট’। যার মধ্যে থাকতে পারে দুটি নরম সুতির পাতলা কাপড়, স্প্রে বোতলে পানি মেশানো কোমল সাবান, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি জিনিস। যাতে যখনই ময়লা পড়বে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারেন। ছোট কোনো বেতের ঝুড়িতে এগুলো রাখতে পারেন, তাহলে দেখতেও ভালো লাগবে।
🎯 সাদা আসবাব পরিষ্কার করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে নরম সুতি কাপড় দিয়ে ধুলো সরিয়ে ফেলতে হবে। তারপর সাবান পানি দিয়ে মুছে, ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। সবশেষে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।