16/06/2026
পর্দা ফরযের কুরআনী দলীল সমূহ
১। আর যখন তোমরা তাঁর স্ত্রীদের নিকট কিছু চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে' (আহযাব-মাদানী ৩৩/৫৩)। ৫ম হিজরীর যুলক্বা'দাহ মাসে যয়নব বিনতে জাহশের সাথে বিবাহের অলীমার দিন উক্ত আয়াতটি নাযিল হয়। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় কক্ষের সামনে পর্দা ঝুলিয়ে দেন এবং খাদেম আনাসকে ভিতরে তাকাতে নিষেধ করেন (ইবনু কাছীর)। অত্র আয়াতকে 'আয়াতুল হিজাব' বা 'হিজাবের আয়াত' বলা হয়।
২। আল্লাহ বলেন, 'হে নবী! তুমি তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলে দাও তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান' (আহযাব-মাদানী ৩৩/৫৯)। 'জিলবাব' অর্থ ‘ঐ কাপড় যা পুরা দেহকে আবৃত করে' (কুরতুবী)।
উম্মে সালামাহ (রাঃ) বলেন, 'যখন অত্র (আহযাব-মাদানী ৩৩/৫৯) আয়াত নাযিল হ'ল, তখন আনছার মহিলারা সর্বাঙ্গ বড় চাদরে আবৃত করে ধীরস্থিরভাবে এমনভাবে বের হ'ত, যেন তাদের মাথার উপর কাক বসে আছে। আর তাঁরা কালো কাপড় পরিধান করত'।(তাফসীর ইবনু আবী হাতেম হা/১৭৭৮৫; আবুদাউদ হা/৪১০১; রাবী উম্মে সালামাহ (রাঃ))
৩। আল্লাহ নবীপত্নীদের উদ্দেশ্যে বলেন, 'হে নবীপত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। তাহ'লে যার অন্তরে ব্যাধি আছে, সে প্রলুব্ধ হয়ে পড়বে। অতএব তোমরা সঙ্গতভাবে কথা বল' (আহযাব-মাদানী ৩৩/৩২)।
এতে বুঝা যায় যে, বাধ্যগত অবস্থায় পরপুরুষের সাথে কথা বলতে গেলে পর্দার সাথে স্বাভাবিক কন্ঠে কেবল প্রয়োজনীয় কথাটুকু বলবে।
৪।। আল্লাহ মুমিন নারীদের উদ্দেশ্যে বলেন, 'আর তারা যেন তাদের মাথার কাপড় বুকের উপর রাখে (অর্থাৎ দু'টিই ঢেকে রাখে)' (নূর-মাদানী ২৪/৩১)।
অত্র আয়াতাংশে নারীদের মাথা সহ বুক ঢাকার নির্দেশ রয়েছে। ফলে মাথা ও বুক তার গোপন সৌন্দর্যের অন্তর্ভুক্ত। যার মধ্যে তার পায়ের নূপুর, হাতের চুড়ি ও আংটি, গলা ও কানের অলংকারও শামিল (কুরতুবী, ইবনু কাছীর)। অতএব এসবই ঢেকে রাখতে হবে।
৫। তিনি বলেন,’আর তারা যেন এমনভাবে চলাফেরা না করে যাতে তাদের গোপন সৌন্দর্য প্রকট হয়ে পড়ে' (নূর-মাদানী ২৪/৩১)। এতে বুঝা যায় যে, নারী প্রকাশ্যে খেলা-ধুলা করবে না, টাইট-ফিট পোষাক পরবে না, নাচ-গান করবে না বা নির্লজ্জ অঙ্গভঙ্গি করবে না।
৬। কামনাহীন বৃদ্ধা নারীদের উদ্দেশ্যে আল্লাহ বলেন,’আর বৃদ্ধা নারী যারা বিবাহের কামনা রাখে না, তারা যদি সৌন্দর্য প্রদর্শন না করে তাদের পোষাক নামিয়ে রাখে, তাতে তাদের কোন দোষ হবে না। তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম হবে। বস্তুত আল্লাহ সবকিছু শোনেন ও জানেন' (নূর-মাদানী ২৪/৬০)।
অত্র আয়াতে বাড়ীতে বা নিরাপদ পরিবেশে কামনাহীন বৃদ্ধাদের কাপড় নামিয়ে রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে অন্যত্র এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম বলা হয়েছে।
বই: পোষাক ও পর্দা
অধ্যায়: পর্দা ফরযের কুরআনী দলীল সমূহ
লেখক: মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব