15/09/2026
পাপের ক্ষতিকর দিক সম্পর্কে হাফেয ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ [জন্ম. ৬৯১– মৃ. ৭৫১ হি.] নিম্নোক্ত বিষয়গুলি উল্লেখ করেছেন:—
(১) حرمان العلم বা ইলম থেকে বঞ্চিত হওয়া। অর্থাৎ পাপ করতে থাকলে দ্বীনের ইলম পাপীর হৃদয়ে প্রবেশ করে না। যদিও দুনিয়াতে আধুনিক জ্ঞানের স্বল্পতা নেই। আর বস্তুবাদীরা তাদেরকেই বুদ্ধিজীবী হিসাবে আখ্যায়িত করে।
(২) حرمان الطاعة বা আনুগত্য থেকে বঞ্চিত হওয়া। অর্থাৎ পাপে জড়িত থাকলে আল্লাহর আনুগত্য করা সম্ভব হয় না।
(৩) قلة التوفيق বা সামর্থ্যের স্বল্পতা। অর্থাৎ পাপ কাজে জড়িত থাকলে আল্লাহর অনুগ্রহ পূর্ণরূপে তার প্রতি থাকে না।
(৪) هوان المذنب বা পাপীর লাঞ্ছনা। অর্থাৎ এর ফলে অনেক পাপী দুনিয়াতেই লাঞ্ছনার স্বীকার হয়। এছাড়া আখেরাতে অবমাননাকর শাস্তি তো আছেই।
(৫) ذهاب الحياء বা লজ্জা-শরম দূর হওয়া। লজ্জা-শরম এমন এক মানবীয় গুণ, যার ফলে অনেক অন্যায় ও পাপের কাজ থেকে বেঁচে থাকা সম্ভব। আর এর অভাবে নানা ধরনের পাপাচার ও গর্হিত কর্মে মানুষ জড়িয়ে পড়ে।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى إِذَا لَمْ تَسْتَحْيِ فَاصْنَعْ مَا شِئْتَ
‘প্রথম যুগের আম্বিয়ায়ে কেরামের বাণী সমূহ হ’তে যা মানবজাতি লাভ করেছে, তন্মধ্যে একটি হ’ল, যদি তোমার লজ্জা না থাকে, তাহ’লে তুমি যা ইচ্ছা তাই কর’।[১]
(৬) سوء الخاتمة বা শেষ মন্দ পরিণতি। অর্থাৎ গোনাহের পরিণতি জাহান্নামের আযাব। যদি পাপী তওবা না করে মারা যায়।
(৭) الوحشة في القلب বা হৃদয়ে হিংস্রতা। অর্থাৎ পাপের কারণে মানুষ হিংস্র ও পশু স্বভাবের হয়ে ওঠে। ফলে পাপী বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। সমাজে খুন, ধর্ষণ, সন্ত্রাস সহ নানাবিধ অপরাধের সাথে পাপী ব্যক্তিরাই সংশ্লিষ্ট।
(৮) محق البركة বা বরকত দূর হয়ে যাওয়া। অর্থাৎ এর কারণে বরকত চলে যায়।
(৯) ضيق الصدر বা হৃদয়ের সংকীর্ণতা। অর্থাৎ পাপের কারণে হৃদয় সংকীর্ণ হয়ে যায়।
(১০) الطبع على القلب বা হৃদয়ে মোহর মেরে দেওয়া। অর্থাৎ পাপীর হৃদয়ে মোহর বসে যায়। ফলে সে হক অনুযায়ী চলতে পারে না। আল্লাহ তা‘আলা বলেন,
الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ بِغَيْرِ سُلْطَانٍ أَتَاهُمْ كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ وَعِنْدَ الَّذِينَ آمَنُوا كَذَلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ
‘যারা নিজেদের নিকট কোন দলীল-প্রমাণ না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয় তাদের একর্ম আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণার। এভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করে দেন’ (মুমিন ৪০/৩৫)।
(১১) نزول النقمة বা ঘৃণা বা ক্রোধের অবতরণ। অর্থাৎ পাপে নিমজ্জিত ব্যক্তির প্রতি আল্লাহ তা‘আলার ক্রোধ ও মুমিন বান্দার ঘৃণা সৃষ্টি হয়। আর পুণ্যবান লোক সর্বাবস্থায় পাপী থেকে দূরে থাকেন।
[১] বুখারী হা/৬১২০, ৩৪৮৩; মিশকাত হা/৫০৭২।
বিস্তারিত জানতে পড়ুন ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম রচিত ‘পাপমুক্ত জীবন: পথ ও পাথেয়’ বই।
অর্ডার করতে ইনবক্স করুন..
#মাকতাবাতু_হিশাম