24/07/2021
সময়ের আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠান মানেই অনলাইন স্কুল! গবেষকদের মতে, ১৯৮৯ সালে প্রথম ইউনিভার্সিটি অব ফিনিক্সের মাধ্যমে অনলাইন এডুকেশনের যাত্রা শুরু। বর্তমানে এই শিক্ষা প্রায় ৩৪ বিলিয়নের ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। ২০০৮ সালে সালমান খানের হাত ধরে গড়া খান একাডেমি অনলাইন শিক্ষার মাধ্যমকে ভিন্নমাত্রায় নিয়ে যায়। একে একে যুক্ত হয় ইউডেমি, টেড, এডেস্ক, কোর্সেরা প্রভৃতি। এই ধারাবাহিকতায় ২০১৫ সালে বাংলাদেশে গড়ে ওঠে ১০ মিনিট স্কুল। তারপর অনলাইনে তরুণ শিক্ষার্থীদের নজর কাড়ে আরও বেশকিছু অনলাইন স্কুল। দেশ সেরা অনলাইন স্কুলের খোঁজ দিচ্ছেন মুনতাসির রশিদ খান
দেশে অনলাইন স্কুলের যাত্রা
ইন্টারনেটের সহজলভ্যতায় অনলাইন স্কুলের প্রতি আগ্রহ বাড়ছে তরুণদের। শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের যে কোনো সমস্যার সমাধান খোঁজে এখন অনলাইনে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সার্চ বিশ্বব্যাপী শিক্ষার্থীদের কাছে অতি জনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন অনলাইন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম বিষয়ে সার্চ করেন। ইউটিউব, ওয়েবসাইট বা ফেসবুকে তরুণরা ঘরে বসেই অর্জিত জ্ঞান বিলিয়ে শহর-গ্রামের ব্যবধান ঘুচিয়ে ফেলছে। অনলাইন স্কুল এখন শিশু, তরুণ থেকে বয়স্কদের মাঝেও আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনলাইন স্কুলে শিক্ষার তালিকায় নিয়মিত স্কুল-কলেজের সিলেবাস থেকে শুরু করে ইংরেজি ভাষা, বিজ্ঞান, ব্যবসা, শিল্প, প্রযুক্তি এমনকি প্রোগ্রামিংয়ের ক্লাসও নেওয়া হচ্ছে। অনলাইনের শিক্ষা প্রথাগত শিক্ষাব্যবস্থা থেকে কিছুটা আলাদা। এখানে ইচ্ছামতো বিষয়, পছন্দমতো সময়ে কম সময়ে শেখা যায়। বাংলাদেশের অনলাইন স্কুলের যাত্রা শুরু ১০ মিনিট স্কুলের মাধ্যমে। এরপর একে একে আরও বেশ কিছু অনলাইন লার্নিং স্কুল গড়ে ওঠে। মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোও গড়ে তুলেছে অনলাইন স্কুল।
সমকাল