06/09/2026
জঙ্গলে একটা কুকুর রাস্তা হারিয়ে ফেলেছিল। দূর থেকে একটা বাঘ কুকুরটিকে দেখে বলল এ তো মনে হচ্ছে খাওয়ার যোগ্য।।
এই ধরনের জানোয়ার তো এর আগে কখনো জঙ্গলে দেখিনি। এই ভেবে বাঘটি কুকুরটির দিকে দৌড়ে যেতে শুরু করলো।
বাঘটিকে দেখে কুকুরটিও ভীষণ ঘাবড়ে গেল। কুকুরটির পাশে কিছু হাড্ডি পড়েছিল। পালিয়ে যাওয়ার বদলে সেগুলো দেখে কুকুরটি ভাবতে লাগলো কি করা যায়।
হঠাৎ সে জোরে জোরে বলে উঠলো , বাহ বাঘের মাংস খুব মজাদার।
আরেকটা বাঘ যদি পাওয়া যেত খাওয়ার জন্য, তাহলে খুব ভালো হতো।
এটা শুনে বাঘটি হঠাৎ থেমে গেল এবং মনে মনে ভাবতে লাগলো,
এই জানোয়ারটি তো আমার চেয়েও অনেক শক্তিশালী মনে হচ্ছে।
আমার এখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বাঘটি ওখান থেকে চলে যেতে লাগলো।
গাছের উপর বসে এই পুরো ঘটনাটি একটি বানর দেখছিল।
বানরটি সুযোগ বুঝে সুবিধা নেওয়ার জন্য বাঘের কাছে গিয়ে হাজির হলো।
পুরো ঘটনাটি বাঘকে খুলে বলল এবং এর বদলে সারা জীবনের জন্য সুরক্ষা দাবি করল।
বাঘটি তাতে রাজি হয়ে গেল এবং বানরটিকে বলল,
আমার পিঠে উঠে বস। আমরা দুজনে মিলে কুকুরটাকে ধরবো।
দূর থেকে কুকুরটি ওদের আসতে দেখেই পুরো ব্যাপারটি বুঝে গেল এবং সে উপায় খুঁজতে শুরু করল।
হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো এবং সে আবারো জোরে জোরে চিৎকার করতে লাগলো।
বলতে লাগলো, আমি এক ঘন্টা আগে একটা বানরকে পাঠিয়েছিলাম বাঘ ধরে আনার জন্য। বানরটা এখনো আসছে না।
কি করা যায় এখন।
এটা শুনে বাঘ সেখান থেকে দ্রুত পালিয়ে গেল এবং রেগে বানরের উপরে আক্রমণ করতে চাইল।
কোনমতে বানর গাছের উপর লাফ দিয়ে জীবন বাঁচালো।
এভাবেই কুকুরটি তার বুদ্ধিমত্তা দিয়ে ভয়ংকর বিপদ থেকে নিজেকে রক্ষা করল।
ঠিক এভাবেই জীবনে যতই কঠিন মুহূর্ত আসুক না কেন, নিজের আত্মবিশ্বাস কখনোই হারানো যাবে না।
এসব পরিস্থিতিতে সবসময় নিজের বুদ্ধি এবং জ্ঞান পুরোপুরি প্রয়োগ করতে হবে এবং সবচেয়ে মূল্যবান যে জিনিসটি সেটি হল মাথা ঠান্ডা রাখতে হবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের আশেপাশের বানর গুলোর কাছ থেকে সব সময় সাবধানে থাকতে হবে।
যারা কেবল নিজের স্বার্থটাই বোঝে, যারা স্বার্থের জন্য তোমাদেরকে যেকোন বিপদে ফেলে দিতে পারে।
এইসব বানরগুলোকে চিনতে হবে এবং এদের থেকে দূরে থাকতে হবে।