06/09/2026
আমরা দরুদ সম্পর্কে কতটা জানি আসলে? দরুদের বেশ কিছু ফজিলত রয়েছে, দরুদ পাঠের পর দুআ করলে কবুল হওয়ার সম্ভবনা বাড়ে— আমাদের অনেকেই এরকম কয়েকটা ফজিলতের কথাই তো জানি, তাই না? তবে এর বাইরে আরো অনেক অনেক গুরুত্ব রয়েছে দরুদ পাঠের।
'দরুদ পাঠের মজা' বইটাতে দরুদের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কেন দরুদ পাঠ করা প্রয়োজন, দরুদ পাঠের কত কত অভাবনীয় সুফল রয়েছে, দরুদ পাঠ না করার পরিণাম, দোয়ার আগে দরুদ পাঠ—ইত্যাদি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে বইটাতে। সবকিছু ভেঙে ভেঙে বুঝিয়েছেন লেখক, যেন পাঠকের কাছে সহজে বোধগম্য হয়।
সত্যি বলতে, দরুদ পাঠের যে এত এত ফজিলত আছে; এই বইটা পড়ার আগে জানতাম না। ঐ যে কয়েকটা ফজিলতের ব্যাপারেই জানতাম, আর ভাবতাম দরুদপাঠ এজন্যই গুরুত্বপূর্ণ।
কিন্তু বইটা পড়ার পর মনে হচ্ছে দরুদকে জীবনের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়া প্রয়োজন। এত সহজ একটা কাজ করে আল্লাহর প্রিয় হওয়া যায়, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিচিত হওয়া যায়, শাফায়াতের আশা করা যায়, কাজে বরকত, মানসিক প্রশান্তি অর্জন করাসহ আরো কত সুফল যে পাওয়া যায়! সুবহানাল্লাহ!
সাধারণত, একটামাত্র টপিকের বই হলে আমার মাঝপথে বেশ একঘেয়েমি চলে আসে। এই বইয়ের ক্ষেত্রে যা ব্যতিক্রম হলো। কারণ বইটা আমাকে একটা অত্যন্ত সহজ কাজের মাধ্যমে এত এত পুরস্কারের লোভ দেখাচ্ছিল যে আমি প্রচন্ড উৎসাহিত মন নিয়ে পড়ে গিয়েছি শেষ পর্যন্ত।
দরুদ পাঠের বেশ কয়েকটা ফজিলতের কথা আপনারা ইতিমধ্যেই জানেন। কিন্তু বিশ্বাস করুন, এই বইটা পড়লে আপনার সেই জানার তালিকায় আরো অনেক কিছু যুক্ত হবে। আরো বেশি আগ্রহী হয়ে উঠবেন দরুদ পাঠে। জীবনের প্রতিটা ধাপে, প্রতিটা কাজে দরুদ না থাকলে মনে হবে যেন সেচ্ছায় একটা নূর থেকে নিজেকে বঞ্চিত করছেন।
আপনি যদি বিশেষ একটা ইবাদত (দরুদ) দিয়ে নিজের জীবনটা সাজাতে চান, বইটা আপনাকে সেই যাত্রায় দারুণভাবে সাহায্য করবে। যেকোনো শ্রেণি-পেশার পাঠক পড়তে পারেন বইটা। উপকৃত হবেন, ইনশাআল্লাহ।
বই পরিচিতি—
বইয়ের নাম: দরুদ পাঠের মজা
লেখক: মাহমুদ বিন নূর
প্রকাশনী: রাইয়ান প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ১৯২
—Faojia Farah