13/08/2026
রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে একবার রাসূলুল্লাহ (সা.)-এর একটি পত্র পৌঁছায়, যাতে তাঁকে ইসলামের দিকে আহ্বান জানানো হয়েছিল।
হিরাক্লিয়াস ক্ষমতার লোভে ইসলাম গ্রহণে রাজি হননি, তবে নবীজির চিঠিটিকে অত্যন্ত সম্মানের সঙ্গে গ্রহণ করেছিলেন।
এরপর কেটে যায় বহু শতাব্দী। স্পেনের এক খ্রিষ্টান রাজদরবারে একবার এক মুসলিম প্রতিনিধি উপস্থিত হন। রাজা তাঁকে দেখান একটি সোনার বাক্স, যার ভেতরে রেশমি কাপড়ে মোড়ানো ছিল একটি চিঠি।
রাজা তাঁকে জানান, এটিই সেই চিঠি, যা নবীজি তাঁর পূর্বপুরুষ হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছিলেন এবং তাঁরা বংশপরম্পরায় এটি রক্ষা করে চলেছেন।
পূর্বপুরুষদের অসিয়ত অনুযায়ী, যতদিন চিঠিটি নিরাপদে সংরক্ষিত থাকবে, ততদিন তাঁদের রাজত্বও অটুট থাকবে বলে বিশ্বাস করা হতো।
প্রখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি (রহ.) তাঁর 'ফাতহুল বারি' গ্রন্থে এই ঘটনার উল্লেখ করেছেন।
প্রায় আরও এক হাজার বছর পর, আনুমানিক ১৮৫০ সালের দিকে, মিশরের আখমিম অঞ্চলের একটি প্রাচীন কপটিক মঠে এক ফরাসি গবেষক পুরোনো নথিপত্র পর্যবেক্ষণ করছিলেন।
জীর্ণ পাণ্ডুলিপির মধ্যে তাঁর নজরে পড়ে চামড়ার তৈরি একটি পুরোনো পার্চমেন্ট, যা দেখেই তাঁর মনে হয়েছিল এটি সাধারণ কোনো নথি নয়।
গবেষণা শেষে জানা যায়, এটি স্বয়ং রাসূলুল্লাহ (সা.)-এর সেই মূল চিঠি, যা তিনি মিশরের তৎকালীন শাসক মুকাউকিসের কাছে পাঠিয়েছিলেন।
দীর্ঘ সময় পার হওয়ার পরও চিঠির নিচে স্পষ্ট ছিল সেই সিলমোহরের ছাপ, যাতে লেখা ছিল— "মুহাম্মাদ রাসূলুল্লাহ"।
আবিষ্কারের পর চিঠিটি শ্রদ্ধাভরে হস্তান্তর করা হয় উসমানীয় সুলতান আব্দুল মজিদের কাছে।
বর্তমানে চিঠিটি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্রাসাদ জাদুঘরে সংরক্ষিত আছে।
মুকাউকিসের কাছে পাঠানো এই চিঠি ছাড়াও নবীজির আমলে লেখা আরও কয়েকটি চিঠি বিশ্বের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে।