20/08/2026
রায়পুরার দুর্গম চরাঞ্চলে যৌথ অভিযান: অস্ত্র, ককটেল তৈরির সরঞ্জাম ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | রায়পুরা নরসিংদী
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে দেশীয় অস্ত্র, শর্টগানের কার্তুজ, বুলেটপ্রুফ জ্যাকেট, টেটা-বল্লমসহ ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়পুরা থানাধীন মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি, মোহিনীপুর এবং বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রায়পুরা থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), এপিবিএন, আরআরএফ এবং র্যাব-১১-এর একটি যৌথ দল অংশ নেয়।
অভিযানে নেতৃত্ব ও তদারকিতে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান।
অভিযানে যা উদ্ধার
সদাগরকান্দি গ্রামের ফরিদ উদ্দিনের টিনশেড বসতঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—
- ১০ রাউন্ড শর্টগানের কার্তুজ
- ২টি বুলেটপ্রুফ জ্যাকেট
- ১২টি টেটা-বল্লম
- ২০০টি ককটেল তৈরির মারবেল
- ১টি রামদা
- ১টি দা ও ১টি কাঠের হাতলযুক্ত দা
- ৪টি হাতলযুক্ত লোহার রড
- ২টি এসএস স্কয়ার বাট
- ১টি ঢাল
অন্যদিকে, সদাগরকান্দি কবরস্থান সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়—
- ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি)
- ২ রাউন্ড শর্টগানের কার্তুজ
- ৭টি টেটা-বল্লম
- ২টি হাতলযুক্ত দা
- ২টি হাতলযুক্ত লোহার রড
- ১টি হাতলযুক্ত স্টেইনলেস চাকু
- ১৪টি পটকা
দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা
স্থানীয় সূত্রে জানা গেছে, সদাগরকান্দি গ্রামের পূর্বপাড়া ও সরকারবাড়ির লোকজনের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে অতীতেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে চরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি ও টহল অব্যাহত রাখা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।