18/05/2022
দীর্ঘদিনের সংকট নিরসনে ঈশ্বরদী প্রেসক্লাবে বিশেষ সভা অনুষ্ঠিত
ঈশ্বরদী প্রেসক্লাবের দীর্ঘদিনের সংকট ও অচলাবস্থা নিরসনে গত ১৬ মে'২২ সোমবার সন্ধ্যায় পাবনা-৪ আসনের এমপি ও প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই এমপি নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে সূচনা রাখেন প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
এরপরই এমপি নুরুজ্জামান বিশ্বাস বিশেষ সভার আহ্বানের উদ্দেশ্য ও ঈশ্বরদী প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনে তাঁর নিজস্ব কিছু ভাবনা তুলে ধরেন।
এসময় তিনি বলেন, দীর্ঘদিনের সংকটের কারণে ঐতিহ্যবাহী ঈশ্বরদী প্রেসক্লাবের অচলাবস্থার নিরসন দরকার। আমি চাই সকল সদস্যদের নিয়ে প্রেসক্লাব এগিয়ে যাক। এজন্য আগামী ৫ জুনের মধ্যে সকল সদস্যদের (বর্তমান ও বাদপড়া) নিয়ে সাধারণ সভা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সাধারণ সভার নির্ধারিত তারিখের পূর্বেই সকল সদস্যকে চিঠি দিয়ে জানাতে হবে। বর্তমান কমিটি ও কমিটির বাইরের সকলকে অতীতের সব বৈরিতা ও মনোকষ্ট ভুলে সাধারণ সভা অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে পজিটিভ ভুমিকা রাখতে হবে। প্রেসক্লাবের সকল সদস্যকে নিয়মিত ক্লাবে আসা-যাওয়া করতে হবে ও সময় দিতে হবে।
নুরুজ্জামান বিশ্বাস আরও বলেন, এবার প্রেসক্লাবের সঙ্গে আমি আছি, কেউ কুটকৌশলের আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না, করলেও কাজ হবে না। বক্তব্যের পর সভাপতি স্বপন কুন্ডু বলেন, আমাদের তো অডিট করাতে হবে। জবাবে এমপি বলেন, আর কোনো কালক্ষেপণ নয়। অডিট করান কিন্ত আগামী ৫ জুনের মধ্যেই সাধারণ সভা করবেন। আমরা চাই ঈশ্বরদী প্রেসক্লাব সার্বজনীন প্রতিষ্ঠানে পরিণত হোক। মুক্তিযুদ্ধের চেতনায় ঈশ্বরদীর আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখুক। এমপি নুরুজ্জামান বিশ্বাসের কথায় উপস্থিত সকলেই সম্মতি প্রদান করেন।
ঈশ্বরদীর উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা সম্পর্কে এমপি আরও বলেন, ইতিমধ্যে ঈশ্বরদী বিমানবন্দর চালু, শেখ কামাল আইট পার্ক ও ইনকিবিটর সেন্টার, রেলগেটে ফ্লাইওভার নির্মান ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সেন্টার স্থাপনের প্রক্রিয়া চলছে। আমরা ঈশ্বরদীর উন্নয়নে সকলের সহযোগিতা চাই।
এ সময় পৌর মেয়র ইছাহক আলী মালিথা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, আ.ত.ম. শহিদুজ্জামান নাসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, প্রাক্তন সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি এস এম রাজা, আজকে পত্রিকা প্রতিনিধি খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাবেক সাধারণ সম্পাদক ও করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক উন্নয়নের কথা পত্রিকার সম্পাদক, আবুল হাশেম , সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সাপ্তাহিক সমকোণ সম্পাদক আব্দুল মান্নান টিপু, ডেইলি বাংলাদেশ পোষ্ট প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি কে এম আবুল বাশার, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু, দেশ রূপান্তর প্রতিনিধি মহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, দৈনিক বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাপ্তাহিক সময়ের ইতিহাস সম্পাদক শেখ মহসীন, স্ব-কাল বাংলা সম্পাদক মিশুক প্রধান, সাংবাদিক আতাউর রহমান বাবলু, ময়নুল ইসলাম লাহিড়ী মিন, নয়া দিগন্ত প্রতিনিধি শহিদুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।