01/07/2026
রায়পুরে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, গাঁজাসহ গ্রেপ্তার হোটেল ব্যবসায়ী
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হোটেল ব্যবসায়ী মো. নুরুল আমীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার হোটেলে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ জুন ২০২৬ দুপুর আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রায়পুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দেনায়েতপুর এলাকার ফরিদ এক্স ক্লিনিক গলিতে এ ঘটনা ঘটে। মাদক কেনাবেচা নিয়ে হোটেল ব্যবসায়ী মো. নুরুল আমীন (৪৫) ও মো. সাগর (৩২)-এর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।
এ সময় সাগর অভিযুক্ত নুরুল আমীনের মাথা ও মুখে সামান্য আঘাত করলে ক্ষিপ্ত হয়ে নুরুল আমীন ধারালো ছুরি দিয়ে সাগরের বুকে আঘাত করেন। এতে সাগর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নুরুল আমীনকে গ্রেপ্তার করে। পরে তার ভাতের হোটেলে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ জুন ২০২৬ রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. সাগর মারা যান।
এ ঘটনায় রায়পুর থানায় হত্যা ও মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামি মো. নুরুল আমীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।