24/12/2023
আমরা শীতে মোজা পরিধান করি এবং ওযু করার সময় তার ওপর মাসাহ করি। আসুন জেনে নিই আমরা কোন ধরণের মোজার ওপর মাসাহ করতে পারবো।
প্রশ্ন : কোন ধরনের মোজার ওপর মাসাহ করা যাবে?
উত্তর :
১. চামড়ার মোজা। সহীহ বুখারী, হাদীস ২০২
২. যে মোজায় চামড়ার মোজার মতো নিচের শর্তগুলো পাওয়া যাবে তাতেও মাসাহ করা যাবে-
১. মোজা পায়ের টাখনু পর্যন্ত আবৃত করে রাখা। বাদায়েউস সানায়ে ১/৮৩
২. কোন কিছু দিয়ে বাঁধা ছাড়াই পায়ের সাথে লেগে থাকা। মাবসূত সারাখসী ১/২৩৭
৩. শুধু মোজা পরিধান করে তিন মাইল পরিমাণ হাঁটাচলা করা সম্ভব হওয়া। যার কারণে মোজা ফাটবেও না, নষ্ট হবে না। আলআওসাত, ইবনুল মুনযির ১/৪৬৩; শরহুল মুনইয়া পৃ. ১২১
৪. পানি শোষণ না করা। কিতাবুল আসল ১/৭২; শরহুল মুনইয়া পৃ. ১২০
৫. এমন পাতলা না হওয়া যে, ওপর থেকে পা দেখা যায়। কিতাবুল আসল ১/৭২
প্রশ্ন : সুতার মোজার ওপর মাসাহ করার বিধান কী?
উত্তর : চামড়া ছাড়া সুতা বা কাপড়ের তৈরি যে সকল মোজা সচরাচর পাওয়া যায় সেগুলোতে মোজার ওপর মাসাহ করার শর্ত পাওয়া যায় না, তাই এ ধরনের মোজার ওপর মাসাহ করা বৈধ নয়। আলমুহীতুল বুরহানী ১/১৭০
মাসআলা : হাত মোজা, নেকাব ইত্যাদির ওপর মাসাহ করা জায়েজ নয়। কিতাবুল আসল ১/৭৪