22/08/2021
আমাদের প্রজন্মটাই বোধহয় সর্বশেষ প্রজন্ম যারা আবহমান বাংলার ক্ল্যাসিকাল শৈশব, কৈশোরের স্বাদ কিছুটা হলেও পেয়েছিল। অলৌকিক, নিষ্পাপ, মানবিক। একই পাড়ার সব ছেলেমেয়ে যেন সবাই নিজেদেরই ভাই-বোন। হই-হুল্লোড়, পুকুরে দাপাদাপি, চৈত্রর দুপুরে পায়ে পায়ে ঘোরা, আমচুরি, আচারচুরি, আখচুরি, গোল্লাছুট, রূপকথার আসর... এক অদ্ভুত সরলতায় জড়িয়ে ছিল আমাদের শৈশব।
শৈশবকে বিদায় জানিয়ে কৈশোরের দ্বারপ্রান্তে যখন পৌঁছালাম আমরা, তখন থেকেই যেন সুপারসনিক গতিতে অধঃপতনের দিকে যাত্রা শুরু হলো এই সভ্যতার। আসলে অধঃপতন শুরু হয়েছিল অনেক আগেই, আমরা তখন টের পেলাম। অদ্ভুত এক আঁধারে ছেয়ে গেল এই বুড়ো পৃথিবী। ডিশ এন্টেনা আকাশ থেকে নামিয়ে আনল অভিশাপ, ড্রয়িং রুমে বাড়তে থাকল বোকা বাক্সের বোকামি। হাইস্পিড ইন্টারনেট, স্মার্ট ফোন, প্রযুক্তির বিষাক্ত প্রলোভনে ঠেলে দেয়া হলো আমাদের কোনো নির্দেশনা ছাড়াই। অক্টোপাসের মতো শক্তিশালী শুঁড় দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল এই নব্য ‘দানো’।
আমরা হারাতে থাকলাম শৈশব-কৈশোরের মৌলিক উপাদান; খেলার মাঠ, পুকুর, নদী, অখণ্ড অবসর। আকাশছোঁয়া দালানগুলো অনুপ্রবেশ করল আমাদের স্বাধীনতার আকাশে। ভূমিদস্যু, কারখানা, ব্রয়লার ফার্ম, মাছচাষীরা কেড়ে নিল আমাদের জলাভূমি। শিক্ষাব্যবস্থার বেহাল দশা, অভিভাবকদের অসুস্থ মানসিকতা কেড়ে নিল আমাদের অবসর। আমরা যাব কোথায়? উঠোনকোণের জায়গাটুকুও তো নেই!
যে জীবন ছিল ঘাসফুল আর মাতৃসম রুপালি জলের ঘ্রাণ নেয়ার, ফাগুনের অনন্ত নক্ষত্রবীথির নিচে দাঁড়িয়ে তারা গোনার, ফড়িং আর প্রজাপতির পেছনে দৌড়ে বেড়ানোর, যে জীবন ছিল আলিফ লায়লা আর সিন্দাবাদের, যে জীবন ছিল ফাঁদ পেতে শালিক ধরার, পুকুরে বড়শি ফেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার, যে জীবন ছিল রূপকথার খেলাঘরে হারিয়ে যাবার, সেই জীবনে ভর করল অনেক জটিলতা, অস্থিরতা। অনাবিষ্কৃত আকাঙ্ক্ষাগুলো একে একে আবিষ্কৃত হলো, সেই আকাঙ্ক্ষাগুলো বিকৃত উপায়ে পূরণ করে দিতে এগিয়ে এল প্রযুক্তি।
আমরা ভাঙতে থাকলাম। আমরা হারিয়ে গেলাম ভুল স্রোতে।
এক আকাশ শ্রাবণের সঙ্গে আজীবন সখ্যতা হলো আমাদের।
আমরা নষ্ট হলাম।
বই : মুক্ত বাতাসের খোঁজে
লেখক : লস্ট মডেস্টি ব্লগ
সম্পাদক : আসিফ আদনান
মূল্য : ২৩০ টাকা
প্রকাশনী : Ilmhouse Publication