10/10/2016
:::সেলফির ষোলকলা:::
ক্যামেরাওলাদের বাজার অনেক আগেই গিয়েছে | "সেলফি" শেষ পেরেকটা মারল |পুজো আসছে - শরৎ সেলফি |পুজো চলছে - দুগগা সেলফি |পুজো চলে গেছে - বিজয়া সেলফি | মোবাইল বস্তুটা আসলে ফোন করার না ছবি তোলার তা বোঝা মুশকিল | তখন ই বাজারে এল টেকনোলজির নতুন ঠিকানা "সেলফি" | কারও দরকার নেই | টাচ দিলেই খ্যাচ | নিজের ছবি নিজেই তোলো | আ পি এল , রবীন্দ্রজয়ন্তী সব ব্যাকফুটে | এই ধরাধামে সেলফি-ই সবচেয়ে হিট | যেমন গল্পের গরু গাছে ওঠে তেমনি সেলফির গরু মোবাইলে ফোটে | লোকনাথবাবার বাঁধানো ছবি , মুখে অক্সিজেন মাস্ক লাগানো ঠাকুমা , কুম্ভমেলার নাগা সন্নাসী - যাকে পারছে খামছে ধরে খ্যাচাক | ছোটবেলার বন্ধুর সাথে হটাৎ কুড়ি বছর পর দেখা হলো কোথায় কথা বলবি তা নয় , সেলফির পোজ দিতে ব্যস্ত | মোবাইল নামক এই চটুল যন্ত্রে নিহিত আছে এক আসাধারন আয়না | আর এই আয়নায় আছে সুইচ | সুইচ টিপলেই ছবি সেভ হয়ে যাবে সেলফির সিন্দুকে | সেই সিন্দুকে আছে অনেক অনেক আমি | দুগগা ঠাকুরের সামনে আমি , প্যারামাউন্ট শরবতের পাশে আমি , নবান্নের পাঁচিলে আমি , সিন্ধুঘোটকের পিঠে আমি | যেন আমির সুনামি | এখন প্রেমিক-প্রেমিকা আর রাস্তার গলিতে প্রেম না করে সেলফি তুলছে , আর লিখছে "উই ইন কানাগলি, ফিলিং প্রেম প্রেম" | মানুষ মাত্রই কমবেশী নার্সিসিস্ট | আয়না দেখলে নিজের মুখটা একবার দেখে নেয় | কেউ চুলটা ঠিক করে নেয় , কেউবা গোঁফে তা দিয়ে নিল | শপিং মলের কাচে , বাইকের মিররে , বন্ধুর চশমায় , প্রেমিকার চোখের তারায় নিজেকে দেখেই কেটে গেল 'অর্ধেক জীবন' | অবশ্য যাবতীয় গোপনীয়তা দফারফা করে দিয়েছে স্মাটফোন | টুজি, থ্রিজি,ফোরজি - এখন ডিজিটাল নবজাগরণের স্বামীজি,নেতাজি,বাপুজি | খালি ' বিয়ের টোপরে আমি' পেরিয়ে ' 'গালফ্রেন্ডের ওপরে আমি' টুকু পোস্ট করা বাকি | তাহলেই ষোলোকলা পূর্ণ আর ছলাকলা জিন্দাবাদ |