15/07/2023
বেহিসাবি
জানিস,
এর আগে তোর মতন কেউ এত ভেঙে চুড়ে ভালোবাসেনি আমায়।
এর আগে কখনো কেউ আমার ভালোবাসায় ডুব দিয়ে দেখেনি।
এর আগে কখনো কেউ তোর মতন আমায় বুঝতেই পারেনি।
আমার না বলা কথাগুলো,
আমার চোখ দেখে বুঝে নিতে চায়নি কেউ কোনদিন।
মন খারাপের বিকেলবেলা গুলোতে আমার পাশে এসে দাঁড়িয়ে,
আমার হাতটা ধরে কেউ বলেনি,
মন খারাপ করছিস কেন?
আমি তো আছি তোর পাশে সারাজীবন।
জানিস,
আমি রোজ স্বপ্নে তোর মতন একটা প্রেমিক খুঁজে বেড়াতাম।
যার জীবনে আমি না থাকলেও ,
তার পুরো জীবন জুড়ে আমি থাকতাম।
কেন এত ভালবাসলি বলতো আমায়?
কেন?
কেন এই অগোছালো জীবনে এসে ,
আবার আমায় গুছিয়ে দিলি তুই ?
নিঝুম রাতের বালিশ ভেজানো চোখের জল মুছিয়ে,
আবার হাসতে শেখালি নতুন করে।
আমার জীবন থেকে মন খারাপের অসুখটাকে বিদায় দিলি চির তরে।
আজকাল আর রাতগুলো বিষাক্ত লাগেনা আগের মতো।
বরং,
রাতের আকাশে একটা মন ভালো করা প্রেম খুঁজে পাই।
আজকাল বড্ড ইচ্ছে করে,
তোর হাত ধরে হেঁটে যেতে ছায়াপথে।
বড্ড ইচ্ছে করে,
তোর কাঁধে মাথা রেখে কাঞ্চনজঙ্ঘা দেখতে দুজনে একসাথে।
বড্ড ইচ্ছে করে,
একসাথে তোর সঙ্গে বুড়ো হতে।
জানি না কোনো স্বপ্ন দেখছি কিনা।
এত ভালোবাসাও বুঝি এক জীবনে পাওয়া যায়?
কারোর ভালোবাসায় এত ডুবে থাকা যায়?
সত্যিই কি এক সমুদ্র ভালোবাসা মিশিয়ে দিতে পারে কেউ কারও নিঃশ্বাস প্রশ্বাসে।
এত মুগ্ধতা কি সত্যিই খুঁজে পাওয়া যায় ,
কারোর চোখের অপলক দৃষ্টিতে ?
কেউ কি সত্যিই,
কারোর প্রেমে বারবার মরে যেতে চায়?
কি জানি?
ঠিক বুঝে উঠতে পারি না।
মাঝে মাঝে হিসেব মেলাতে পারি না।
বলা ভালো মেলাতে চাই না।
কিছু হিসেব না হয় গড়মিল হোক,
তোর আর আমার প্রেমটা না হয় বেহিসাবি থেকে যাক।
✍️✍️✍️ ঐশী চক্রবর্ত্তী ভট্টাচার্য্য