22/05/2020
**এইসব চিটারি বন্দ করেন কি আমরা বুজি না মনে করেন, এইসব ছবি ভিডু দেখিয়ে মানুশকে বোকা বানান, এত ছবি তোলেন লোক দেখানর জন্য, ত্যন কন সম দেন**
---------------------------------------------------------------------
>>দুঃখ পেলাম ভাই। কোন ধরনের চিটারির কথা বলছেন, জানি না। আমি বুকে হাত রেখে বলতে পারি, শুধু করোনা নয়, শুধু ত্রাণ নয়, কোন বিষয়েই আমি চিটারি করিনি। চিট করে কারো কাছ থেকে টাকা নেই নি, নেই না এবং ইনশাআল্লাহ কোনদিন নিবও না।
বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে জয়েন করেছি প্রায় চার বছর হতে চললো। ইনশাআল্লাহ প্রকাশ্য চ্যালেঞ্জ করে বলতে পারি, সংক্ষিপ্ত এই চাকরি জীবনে কারো কাছ থেকে এক টাকা ঘুষ বা অবৈধ সুবিধা গ্রহণ করিনি। আপনাদের মধ্যে বা আপনাদের পরিচিতজনদের মধ্যে এমন কেউ যদি থাকেন, যিনি দাবি করতে পারবেন যে, তার কাছ থেকে আমি কোন আর্থিক - অনার্থিক অবৈধ সুবিধা নিয়েছি, এমনকি যদি বলতে পারেন পদের ক্ষমতার অপব্যবহার করে একটি টাকা কারো কাছ থেকে গ্রহণ করেছি বা অবৈধ সুবিধা দানের বিনিময়ে এক কাপ চাও কারো কাছ থেকে খেয়েছি, তাহলে দয়া করে ফেসবুকে প্রকাশ্য পোস্ট করে সবাইকে সেটা জানিয়ে দিন। আপনার নিজের টাইমলাইনে দিন, এই পোস্টের কমেন্টে দিন, বিভিন্ন গ্রুপে দিন, সারাদেশে ভাইরাল করে দিন। প্রমান লাগবে না, এমন একজনও যদি থেকে থাকেন, কোথাও শুধু লিখুন যে, আমি আপনার কাছ থেকে একটি টাকাও নিয়েছি।
বরং অনেকেই আমাকে বলেছিলেন, ত্রাণ কার্যক্রমে ব্যয় করার জন্য তারা আমাকে টাকা পাঠাতে চান। আপনারা যারা এমন অফার করেছিলেন, তারা মুখ খুলুন, আমি কি আপনাদের কাছে থেকে টাকা নিতে রাজি হয়েছি? বরং আমি আপনাদেরকে বলেছি যে, ডিসি বা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকাটা জমা দিন অথবা এই টাকাগুলো আপনার এলাকার গরিবদের জন্য খরচ করুন। ত্রাণের নাম করে বা অন্য কোন অজুহাতে আমি কোনদিন কারো কাছ থেকে টাকা নিইনি।
প্রকাশ্য চ্যালেঞ্জ করে বলছি, পারলে একজন হলেও কমেন্ট করুন যে, আমি আপনার কাছ থেকে বা আপনার আত্মীয়স্বজন কারো কাছে থেকে টাকা নিয়েছি। আপনার কাছ থেকে বা আপনার পরিবার স্বজন কারো কাছ থেকে যদি না নিয়ে থাকি, তাহলে এমনকি যদি কোন দিন কারো কাছ থেকে শুনেও থাকেন যে, তার কাছ থেকে আমি টাকা নিয়েছি, তাহলে আজ প্রকাশ্যে পোস্ট/কমেন্ট করে আমার মুখোশ উন্মোচন করে দিন। আর সারা দেশে এমন দাবি করার মতো যদি একজনও খুঁজে না পাওয়া যায়, তাহলে মেসেজকারীকে বলব, প্লিজ কারো সম্পর্কে না জেনে মন্তব্য করবেন না।
আসলে আমার নিজের চাকুরির বেতন, পূর্বের সামান্য সঞ্চয়ের টাকা এবং আমার দুয়েকজন বন্ধুস্থানীয় ব্যক্তি নিজেরা ক্যাম্পে এসে চাল ডালের কিছু প্যাকেট দিয়ে গেছেন, এসব মিলিয়ে সামান্য খাদ্যসামগ্রী দুর্গম এলাকার অসহায় মানুষদের দুয়ারে পৌঁছে দেওয়ার কাজটি করেছি এবং প্রায় প্রতিদিনই করে যাচ্ছি। আর দেশের মানুষকে অনুপ্রাণিত করার জন্য এসব কাজের সামান্য অংশ ফেসবুকের মাধ্যমে তুলে ধরি মাত্র। তাও প্রতিদিন না, মাঝেমধ্যে। এটাকে যদি আপনি লোক দেখানো বলেন, তাহলে আমার বলার কিছু নেই। আর যদি মনে করে থাকেন, আমি মানুষকে দেখানোর জন্য বস্তা কাঁধে /মাথায় নিই, তাদেরকে বলবো, শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের যে কোন সাধারণ সদস্যকে জিজ্ঞেস করে দেখুন, আমি কি শুধু বস্তা মাথায় নিয়ে ছবি তুলি, নাকি তাদের সাথেই বস্তা নিয়ে হাটতে থাকি মাইলের পর মাইল। কিছু বলার নেই।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নামে কোন চিটারি করিনি। শুধু ত্রাণ নয়, চাকুরী জীবনের শুরু থেকে এ পর্যন্ত ইনশাআল্লাহ একটি অবৈধ টাকাও কারো কাছ থেকে নেইনি, নিচ্ছি না, কোনদিন নিবও না ইনশাআল্লাহ। যদি বুকের পাটা থাকে, প্রকাশ্যে পোস্ট দিন। বলুন যে, কার কাছ থেকে নিয়েছি।
আবারো বলছি, কোন প্রমান লাগবে না, সারা দেশে এমন একজনও যদি থাকেন, যিনি বলতে পারবেন তার কাছ থেকে আমি একটি টাকাও অবৈধভাবে গ্রহণ করেছি, প্লিজ সেটা প্রকাশ করুন এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে ভাইরাল করে দিন।
[ আমি সবকিছু মুখ বুজে সয়ে যেতাম, কিন্তু মনে হলো আমার টিম সদস্যরা; যারা নাওয়াখাওয়া ভুলে আমার সাথে খেটে গেছে দিনরাত, এসব কথা তাদের জন্য চূড়ান্ত অপমানজনক। তাই অনিচ্ছাসত্ত্বেও শেষমেশ প্রতিবাদ করলাম। সবার শুভবুদ্ধির উদয় হোক।]